ইবাদতের ‘মিষ্টি’ স্বাদ যেভাবে পাওয়া যায়
আমাদের অনেকেরই অভিযোগ—নামাজে দাঁড়ালে মন বসে না, তিলাওয়াতে সেই আবেগ খুঁজে পাই না। ইবাদতটা যেন কেবলই একটা যান্ত্রিক রুটিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন? কেন আমরা ইবাদতের সেই আসল স্বাদ বা ‘হালাওয়াত’ খুঁজে পাই না?
বিখ্যাত সাধক মালিক বিন দিনার (রহ.) এই রহস্যের জট খুলেছেন বড় চমত্কার এক উপমায়। তিনি বলতেন : ‘তুমি যদি ইবাদতের মিষ্টতা আস্বাদন করতে চাও, পৌঁছাতে চাও এর সর্বোচ্চ শিখরে—তবে নিজের নফস আর দুনিয়ার যাবতীয় মোহ-লালসার মাঝখানে এক মজবুত লোহার দেয়াল তুলে দাও।’
ইবাদতের আসল মিষ্টতা পেতে হলে নিজের নফস আর দুনিয়ার মোহ-লালসার মাঝখানে এক ‘লোহার দেয়াল’ তুলে দিতে হবে।
কেন দেয়ালটা লোহার হতে হবে? কারণ কাপড় বা কাঠের পাতলা বেড়া হলে শয়তানের প্রলোভনে তা যেকোনো সময় ভেঙে পড়তে পারে। হালকা বাতাসে পর্দা সরলে পাপের জন্য নফস উঁকিঝুঁকি মারতে পারে। মনের কোণে যদি গুনাহের দিকে উঁকি দেওয়ার সামান্যতম ছিদ্রও বাকি থাকে, তবে সেই নড়বড়ে দেয়াল কোনো কাজে আসবে না।
গুনাহের আকর্ষণ বড় তীব্র, আগুনের মতো। তাই আপনার সংকল্প হতে হবে ইস্পাতকঠিন। যখন আপনি দুনিয়ার সব হারাম হাতছানি আর নিজের মাঝে এই দুর্ভেদ্য প্রাচীর দাঁড় করিয়ে দেবেন, কেবল তখনই হূদয়ে অনুভব করবেন ইবাদতের সেই পরম তৃপ্তি, যা ছাড়া আপনি এক মুহূর্তও থাকতে চাইবেন না।