“দুই ভরি সোনা ও দুই ভরি রুপা থাকলে কি যাকাত ফরয?”
প্রশ্ন:আমার আম্মার কাছে দুই ভরি সোনা এবং দুই ভরি রুপা আছে। এছাড়া নগদ টাকা পয়সা নেই। তাহলে এখন কি তার ওপর যাকাত ফরয? জানালে উপকৃত হব?
উত্তর:হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার আম্মার ওপর ঐ স্বর্ণ-রুপার যাকাত আদায় করা আবশ্যক। কেননা ঐ স্বর্ণ-রুপার কোনোটি পৃথকভাবে নেসাব পরিমাণ (অর্থাৎ স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি আর রুপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি) না হলেও উভয়টির মূল্য যেহেতু সমষ্টিগতভাবে রুপার নেসাব (সাড়ে বায়ান্ন ভরি)-এর সমমূল্য বা তার বেশি হয়ে যায়, তাই এগুলোর যাকাত আদায় করা জরুরি।
মা‘মার রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন—
عَنِ الْحَسَنِ، وَقَتَادَةَ فِي رَجُلٍ لَهُ مِائَةُ دِرْهَمٍ وَعَشْرَةُ دَنَانِيرَ، قَالَا: عَلَيْهِ فِي الدَّنَانِيرٍ، وَالدَّرَاهِمِ صَدَقَةٌ.
অর্থাৎ এক ব্যক্তির এক শ দিরহাম এবং দশ দীনার আছে, তার সম্পর্কে হাসান ও কাতাদাহ রাহ. বলেন, তাকে এই দিরহাম ও দীনারের যাকাত দিতে হবে। (মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ৭০৮১)
—শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ২/৩০৯; বাদায়েউস সানায়ে ২/১০৬; ১০৮; ফাতাওয়া খানিয়া ১/২৫০; আলমুহীতুল বুরহানী ৩/১৫৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৯
মাসিক আল- কাউসার