ইরান ইস্যুতে সোমবার ইসরাইলে রুবিওর বৈঠক
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী সোমবার ইসরাইলে ইরান বিষয়ে বৈঠক করবেন। একই সময়ে যুক্তরাষ্ট্র সম্ভাব্য ইরান হামলার জন্য তার সামরিক বাহিনীকে মধ্যপ্রাচ্যে আরও জোরদার করছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন যুক্তরাষ্ট্র যখন জরুরি নয় এমন কর্মীদের ইসরাইল ছেড়ে যেতে বলছে, ঠিক তখনই শীর্ষ মার্কিন কূটনীতিক ইসরাইলে যাবেন। এর ফলে সন্দেহ তৈরি হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকির মুখে হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রুবিও আগামী সোমবার বৈঠক করবেন এবং মঙ্গলবার ফিরে আসবেন।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, রুবিও ‘ইরান, লেবানন এবং গাজার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ২০-দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের চলমান প্রচেষ্টাসহ বিভিন্ন আঞ্চলিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করবেন।’
রুবিও তার বিমানে সাংবাদিকদের সঙ্গে আনবেন না। যা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীদের বহু বছরের প্রথার একটি নজিরবিহীন বিরল ঘটনা।
এই সফর এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও ইরান গত বৃহস্পতিবার জেনেভায় তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন দফা আলোচনায় বসেছে, যাতে যুদ্ধ এড়ানোর চেষ্টা চলছে।
মধ্যস্থতাকারী ওমান অগ্রগতির কথা জানিয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনা সম্পর্কে খুব কমই বলেছে এবং ইরান একটি চুক্তিতে পৌঁছাতে ‘অতিরিক্ত দাবি’ প্রত্যাহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।