ইসলামে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে নিষ্ঠার গুরুত্ব
ইসলামে রাষ্ট্রীয় দায়িত্ব কেবল প্রশাসনিক কাজ নয়; বরং এটি মহান আল্লাহর পক্ষ থেকে পবিত্র আমানত। বান্দার ওপর আল্লাহর পক্ষ থেকে অর্পিত গুরুদায়িত্ব। যে ব্যক্তি রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত, সে মূলত জনগণের খেদমত ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নিয়োজিত একজন আমানতদার সেবক। তাই এ দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও জবাবদিহিতা অপরিহার্য।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, হকদারদের হক তাদের কাছে পৌঁছে দিতে। তোমরা যখন মানুষের মাঝে বিচার করবে তখন ন্যায়পরায়ণতার সঙ্গে বিচার করবে। আল্লাহ তোমাদেরকে কত উত্তম উপদেশই না দিচ্ছেন; নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন।’ (সুরা নিসা, আয়াত : ৫৮)
অধিকাংশ মুফাসসিরীনদের নিকট এই আয়াত উসমান বিন ত্বালহা (রা.)-এর ব্যাপারে অবতীর্ণ হয়েছে। তিনি বংশগতভাবেই পবিত্র কাবা শরীফের তত্ত্বাবধায়ক এবং তার চাবি-রক্ষক ছিলেন। তিনি হুদাইবিয়ার সন্ধির সময় ইসলাম গ্রহণ করেছিলেন। মক্কা বিজয়ের পর রাসুল (সা.) কাবা শরীফে উপস্থিত হয়ে তওয়াফ ইত্যাদি সেরে নিয়ে উসমান বিন ত্বালহা (রা.)-কে ডেকে পাঠালেন। অতঃপর তাঁর হাতে কাবা শরীফের চাবি হস্তান্তর করে বললেন, এগুলো তোমার চাবি। আজকের দিন হলো, অঙ্গীকার পূরণ ও পুণ্যের দিন। (ইবনে কাসির)
বিশেষজ্ঞদের মতে, কোনো বিশেষ কারণে আয়াত অবতীর্ণ হলেও তার নির্দেশ সাধারণ এবং এতে সাধারণ ব্যক্তিবর্গ ও শাসকশ্রেণী উভয়কেই সম্বোধন করা হয়েছে। উভয়কে আমানতসমূহ তাদের প্রাপকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। এতে প্রথমতঃ এমন আমানতও শামিল যা কারো কাছে হিফাজতের জন্য রাখা হয়। এতে খিয়ানত না করে চাওয়ার সময় হিফাজতের সাথে যেন তা ফিরিয়ে দেওয়া হয়। দ্বিতীয়তঃ পদ ও দায়িত্ব যোগ্য লোকদেরকেই যেন দেওয়া হয়। রাষ্ট্রীয় পদ, ক্ষমতা, সম্পদ—সবই আমানত। সুতরাং দায়িত্বে অবহেলা করা মানে আমানতের খিয়ানত করা।
মুমিন কখনোই তার দায়িত্বে অবহেলা করতে পারে না। কেননা সে জানে, তাকে মহান আল্লাহর দরবারে তার দায়িত্বের ব্যাপারে হিসাব দিতে হবে। মহানবী (সা.) বলেছেন, তোমরা প্রত্যেকেই রক্ষক এবং তোমরা প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। একজন শাসক সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। একজন পরুষ তার পরিবারের রক্ষক, সে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। একজন স্ত্রী তার স্বামীর গৃহের রক্ষক, সে এ ব্যাপারে জিজ্ঞাসিত হবে। একজন গোলাম তার মনিবের সম্পদের রক্ষক, সে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব সাবধান, তোমরা প্রত্যেকেই রক্ষক এবং তোমরা প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। (বুখারি, হাদিস : ৫১৮৮)
এ হাদিস রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ক্ষুদ্রতম দায়িত্বপ্রাপ্ত কর্মচারী পর্যন্ত সবার জন্য প্রযোজ্য। ইসলাম শিখিয়েছে, পদ-পদবী কেবল মর্যাদা নয়, বরং তা কঠিন দায়বদ্ধতাও বটে। তাই মহান আল্লাহ দয়া করে কাউকে কোনো পদে অধিষ্ঠিত করলে তার উচিত, এই আমানত রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করা। মহান আল্লাহকে ভয় করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। কেননা মহান আল্লাহ ন্যায়বিচার ও সদাচরণের নির্দেশ দিয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ ন্যায়-বিচার, সদাচরণ ও আত্মীয়দেরকে দেয়ার হুকুম দিচ্ছেন, আর তিনি নিষেধ করছেন অশ্লীলতা, অপকর্ম আর বিদ্রোহ থেকে। তিনি তোমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর।’ (সুরা নাহাল, আয়াত : ৯০)
আর রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে নিষ্ঠা বজায় রাখা বা ন্যায় বিচার মানে হলো, গোত্র বা ব্যক্তিস্বার্থের উর্ধ্বে গিয়ে ন্যায় প্রতিষ্ঠা করা। কোনো দুনিয়াবী স্বার্থ বা ক্ষোভ যাতে ন্যায় থেকে বিচ্যুত করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকা। পবিত্র কোরআনে মহান আল্লাহ আরো বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষদানকারী হিসেবে সদা দন্ডায়মান হও। কোনো কওমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনো ভাবে প্ররোচিত না করে যে, তোমরা ইনসাফ করবে না। তোমরা ইনসাফ কর, তা তাকওয়ার নিকটতর এবং আল্লাহকে ভয় কর। নিশ্চয় তোমরা যা কর, আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। (সুরা মায়েদা, আয়াত : ৮)
অতএব, প্রতিটি মুসলমানের উচিত, আল্লাহ তাদের কোনো দায়িত্ব দিলে, বিশেষ করে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব দিলে তা নিষ্ঠার সাথে পালন করা। কেননা তা না হলে, আল্লাহর দেওয়া এই রহমত বিপদের কারণ হতে পারে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলা যাকে জনগণের দায়িত্ব দিয়েছেন কিন্তু খিয়ানাতকারীরূপে যদি তার মৃত্যু হয় তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন।’ (মুসলিম, হাদিস : ২৫৯)