খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব
খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব আজ অনুষ্ঠিত হয়েছে। উৎসবকে কেন্দ্র করে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সকাল থেকে কলেজ ক্যাম্পাসে হলুদ শাড়ি ও ফুলেল সাজে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। উৎসবকে ঘিরে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, গান ও কবিতা আবৃত্তি ছাড়াও নানা আয়োজন রয়েছে। এই উৎসবের পাশাপাশি ছিল পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম, পরিবেশ দূষণ ও প্রতিকার এবং সচেতনতামূলক কার্যক্রম।
মঙ্গলবার উৎসবকে কেন্দ্র করে সরকারি মহিলা কলেজের প্রত্যেক বিভাগে বসে বর্ণিল পিঠা স্টল। বাঙালি ঐতিহ্যের ভাপা, চিতই, পাটিসাপটা, নকশা, পাকন, ফুল, দুধপুলি ও চন্দ্রপুলিসহ প্রায় অর্ধশতাধিক পিঠার পসরা সাজিয়ে বসেন কলেজের শিক্ষার্থীরা।
কলেজের এই বসন্ত উৎসবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতসহ জেলার অনেক সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন। উৎসবকে ঘিরে কলেজে রয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
অন্যদিকে, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দল বেঁধে আড্ডায় ব্যস্ত ছিল। কলেজের গুরুত্বপূর্ণ জায়গা ছিল নবীনদের দখলে। শিক্ষাথীরা বলেন, সকল কুসংস্কার পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুনের প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে।
খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা জানান, মূলত সহশিক্ষা কার্যক্রমের একটা অংশ হিসেবে আজকের এই আয়োজন। নবান্নের পিঠা খাওয়ার প্রথা যুগ যুগ ধরে প্রচলিত। এটি মূলত ঐতিহ্যের অংশ, বসন্তকে বরণ আর সাথে পিঠা খাওয়া। পড়াশোনার পাশাপাশি সবার বিনোদনের প্রয়োজনে প্রতিবছর এই কলেজে বসন্ত ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।