বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৬ ১৪৩২, ০১ রমজান ১৪৪৭

জাতীয়

নতুন মন্ত্রীদের অপেক্ষায় সচিবালয়

 প্রকাশিত: ১২:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নতুন মন্ত্রীদের অপেক্ষায় সচিবালয়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য অপেক্ষায় রয়েছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। শপথ নেওয়ার পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ে নিজ নিজ দপ্তরে অফিস করবেন।

সচিবালয়ে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অপেক্ষা করছেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্বাগত জানানোর জন্য। ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নিয়ে রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা। সকাল থেকে সচিবালয় ঘিরে রয়েছে উৎসবমুখর পরিবেশ। নতুন সরকারের প্রথম দিন মন্ত্রীরা নিজ নিজ দপ্তরে বসবেন, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হবেন।

এ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে রয়েছে ব্যস্ততা ও প্রাণচাঞ্চল্য। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নির্দিষ্ট দপ্তরগুলো আগে থেকে প্রস্তুত করে রাখা হয়েছে।

এদিকে, নতুন সরকারের প্রথম দিনে সচিবালয়ে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে আসবেন, এ কারণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর দ্বিতীয় পর্যায়ে শপথ নেন মন্ত্রিসভার সদস্য মন্ত্রীরা। তৃতীয় পর্যায়ে মন্ত্রিসভার প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।