মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৫ ১৪৩২, ২৯ শা'বান ১৪৪৭

খেলা

সুপার এইটে জিম্বাবুয়ে, গ্রুপ পর্ব থেকে বিদায় অস্ট্রেলিয়ার

 প্রকাশিত: ১৮:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সুপার এইটে জিম্বাবুয়ে, গ্রুপ পর্ব থেকে বিদায় অস্ট্রেলিয়ার

-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইটে উঠেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০০৯ সালের পর দ্বিতীয়বারের মত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল অসিরা। 

আজ শ্রীলংকার পাল্লেকেলেতে ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত হয়ে যায়। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দু’দল। 

৩ ম্যাচ খেলে ২ জয় ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় সুপার এইট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার প্রথম পর্বের বাঁধা টপকাল জিম্বাবুয়ে। এর আগে ২০২২ সালে প্রথম পর্ব টপকিয়ে সুপার টুয়েলভে খেলেছিল তারা। 

জিম্বাবুয়ের আগে এই গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলংকা। ৩ ম্যাচ খেলে ৩টিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে আছে লংকানরা।  

জিম্বাবুয়ের সুপার এইট নিশ্চিত হওয়ায় এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড। ৩ ম্যাচ খেলে ১টি জয় ও ২টি হারে ২ পয়েন্ট আছে অসিদের।

ওমানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতলেও শ্রীলংকা বা জিম্বাবুয়েকে টপকে যেতে পারবে না অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের সব ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেয়েছে আয়ারল্যান্ড। 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব ও সুপার এইটে কোন রিজার্ভ ডে রাখা হয়নি। তবে ম্যাচ শেষ করতে প্রতি ম্যাচের জন্য অতিরিক্ত ১ ঘণ্টা রাখা হয়েছে। দু’টি সেমিফাইনাল ও ফাইনালের জন্য এক দিন করে রিজার্ভ ডে আছে।