পটিয়ায় পুকুরে ডুবে তিন বছর বয়সী শিশুর মৃত্যু
জেলার পটিয়া উপজেলায় পুকুরে ডুবে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বড়লিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রবাসী মামুন চৌধুরীর পুত্র।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া সুলতানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, বিকেলে বাড়ির আঙিনায় খেলছিল আব্দুর রহমান। এ সময় পরিবারের সদস্যরা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। দ্রুত শিশুটিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।