ইরাকে বিমান হামলায় সশস্ত্র গোষ্ঠীর কমান্ডারসহ নিহত ৭
ইরাকের পশ্চিমাঞ্চলে এক বিমান হামলায় সাবেক প্যারামিলিটারি জোট হাশেদ আল-শাবির এক কমান্ডার ও কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার সংগঠনটি এ তথ্য জানিয়েছে। বাগদাদ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
গোষ্ঠীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানায়, আনবার প্রদেশে কমান্ডারদের এক বৈঠকের সময় একটি ঘাঁটিতে এ হামলা চালানো হয়। এ হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে।
সূত্রটি আরও জানায়, ‘যুক্তরাষ্ট্রের হামলায়’ হাশেদ আল-শাবির সাত সদস্য নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) নামেও পরিচিত হাশেদ আল-শাবি, ইরাকের নিয়মিত সশস্ত্র বাহিনীর অংশ। তবে এর মধ্যে ইরান-সমর্থিত বিভিন্ন ব্রিগেডও রয়েছে।
পিএমএফের এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানানো হয়। এতে বলা হয়, আনবার প্রদেশের কমান্ডার ও অপারেশন প্রধান সাদ দাওয়াই আল-বাইজি নিহত হয়েছেন। পাশাপাশি আরও কয়েকজন যোদ্ধাও প্রাণ হারিয়েছেন। তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
এক নিরাপত্তা কর্মকর্তা জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর শুরু হওয়া যুদ্ধে অনিচ্ছাসত্ত্বেও জড়িয়ে পড়েছে ইরাক।
ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে ও পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলার দায় স্বীকার করে আসছে। পাল্টা এসব গোষ্ঠীকেও লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
সংঘাত শুরুর পর থেকে বাগদাদ বারবার হাশেদ আল-শাবির ওপর হামলার নিন্দা জানিয়ে আসছে।
গত সপ্তাহে প্রথমবারের মতো পেন্টাগন স্বীকার করে, চলমান সংঘাতে ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হেলিকপ্টার ব্যবহার করে হামলা চালানো হয়েছে।