মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে বিস্ফোরণ

 প্রকাশিত: ১২:৫৭, ২৪ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে বিস্ফোরণ

গতকাল সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ভ্যালেরোর পোর্ট আর্থার তেল শোধনাগারে বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ শোধনাগারের নিকটবর্তী বাসিন্দাদের অবিলম্বে নিজ নিজ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য সতর্ক করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পোর্ট আর্থারের জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তারা এক সতর্কবার্তায় জানিয়েছে, ‘আশপাশের সব বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভ্যালেরো তেল শোধনাগারে সাম্প্রতিক বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে বাসিন্দাদের অবিলম্বে ঘরের ভেতরে আশ্রয় নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।’ তারা আরও উল্লেখ করেছে, এই নির্দেশনা শোধনাগারের চারপাশের বিস্তীর্ণ এলাকার জন্য প্রযোজ্য হবে।

ভ্যালেরো এক বিবৃতিতে জানিয়েছে, ‘বর্তমানে টেক্সাসের পোর্ট আর্থার রিফাইনারির একটি ইউনিটে আগুন লেগেছে। সকল কর্মীর খোঁজ পাওয়া গেছে। তারা আরও জানায়, কর্মীদের নিরাপত্তা দেওয়াই আমাদের ‘সর্বোচ্চ অগ্রাধিকার’।

স্থানীয় গণমাধ্যমের খবরে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা শোধনাগারে বিকট শব্দ শুনতে পান বলে জানায় এবং শোধনাগার থেকে উঁচু শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের এলাকার ঘরের জানালার কাঁচ কেঁপে উঠে।

হিউস্টন থেকে প্রায় ৯০ মাইল পূর্বে অবস্থিত এই পোর্ট আর্থার রিফাইনারিতে প্রায় ৮০০ জন কর্মী কাজ করেন। ভ্যালেরোর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী জানা গেছে, এখানে অপরিশোধিত তেলসহ অন্যান্য কাঁচামাল প্রক্রিয়াজাত করে পেট্রল, ডিজেল ও জেট ফুয়েল উৎপাদন করা হয় এবং প্রতিদিন প্রায় ৪,৩৫,০০০ ব্যারেল তেল প্রক্রিয়াজাত করা হয়।