মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বৈরুতে ইসরাইলের বিমান হামলায় নিহত ২

 প্রকাশিত: ১২:৫৬, ২৪ মার্চ ২০২৬

বৈরুতে ইসরাইলের বিমান হামলায় নিহত ২

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় বশামুন এলাকায় ইসরাইলি বিমান হামলায় মঙ্গলবার দুই জন নিহত হয়েছে। 

রাজধানীর দক্ষিণ উপ-শহরগুলোতে গতরাতে ইসরাইলের এই হামলা অব্যাহত থাকে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘আলেই জেলার বশামুন শহরে ইসরাইলি শত্রুর হামলায় প্রাথমিক হিসাবে দুই নাগরিক শহীদ হয়েছেন ও আরও পাঁচ জন আহত হয়েছেন।’

পাহাড়ি ও দ্রুজ অধ্যুষিত আলেই জেলার দক্ষিণ-পূর্বে অবস্থিত বশামুন এলাকা, যা হিজবুল্লাহর ‘প্রচলিত শক্ত ঘাঁটি’র বাইরে অবস্থিত।

লেবাননের বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার প্রতিশোধ নিতে, ইরান-সমর্থিত হিজবুল্লাহ গত ২ মার্চ থেকে ইসরাইলকে লক্ষ্য করে রকেট হামলা শুরু করলে লেবাননও মধ্যপ্রাচ্যের এই চলমান ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ে।

এরপর থেকে ইসরাইল লেবানন জুড়ে হামলা চালিয়ে অন্তত ১ হাজার ৩৯ জনকে হত্যা করেছে এবং দেশের দক্ষিণাঞ্চলে স্থলবাহিনী মোতায়েন করেছে দেশটি।

অন্যদিকে, লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপ-শহরগুলোর সাতটি এলাকাকে লক্ষ্যবস্তু করে গতরাতে ইসরাইল ব্যাপক হামলা চালিয়েছে। 

ওই অঞ্চলটিতে হিজবুল্লাহর প্রভাব রয়েছে। 

সংবাদ সংস্থাটি জানায়, ‘শত্রু যুদ্ধ বিমানগুলো রাতভর দক্ষিণ উপ-শহরের বির আল-আবেদ, আল-রুয়াইস (আল-মানশিয়্যার উপকণ্ঠ), হারেত হ্রেইক, সাইয়্যেদ হাদি নাসরাল্লাহ মহাসড়ক, সেন্ট থেরেস, বুর্জ আল-বারাজনেহ ও আল-কাফাআত এলাকায় সাতটি হামলা চালিয়েছে।’

এদিকে, ইসরাইলি সামরিক বাহিনী সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় উপ-শহরের বাসিন্দাদের এলাকা ত্যাগের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র এই সপ্তাহে জানিয়েছেন, চলমান যুদ্ধে লেবাননের প্রতি পাঁচ জনের মধ্যে প্রায় একজন বাস্তুচ্যুত হয়েছেন।