আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো
ইরান যুদ্ধ নিয়ে অনিশ্চিত পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। সোমবার বড় পতনের পর ব্রেন্ট ক্রুড তেলের দাম আবারও প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানায়, এশিয়ায় মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৩.৭৫ শতাংশ বেড়ে ১০৩.৬৯ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে নাইমেক্স লাইট সুইট তেলের দাম ৩.৪২ শতাংশ বেড়ে ৯১.৫৫ ডলার হয়েছে।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেন এবং তেহরানের সঙ্গে আলোচনাকে ‘খুবই ইতিবাচক’ বলে অভিহিত করেন। এর প্রতিক্রিয়ায় তেলের দাম ১০ শতাংশেরও বেশি কমে যায়।
তবে এখন বিনিয়োগকারীরা এই তথ্যও বিবেচনায় নিচ্ছেন যে, তেহরান দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাই করেনি।
ফলে বাজারে অনিশ্চয়তা এখনও কাটেনি।
সূত্র: বিবিসি