মৃত্যুর গুজবের মুখে নিজের ভিডিও প্রকাশ নেতানিয়াহুর
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নিহত বা আহত হয়েছেন, ইরানের গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুজবের মুখে নিজের ভিডিও প্রকাশ করে জীবিত থাকার প্রমাণ দিলেন বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার নেতানিয়াহুর টেলিগ্রাম একাউন্টে পোস্ট করা তার নিজের ভিডিওতে তাকে এক কাপ কফি নিতে ও নিজের সহযোগৗীর সঙ্গে কথা বলতে দেখা গেছে।
রয়টার্স জানিয়েছে, ভিডিওটি জেরুজালেমের শহরতলীর একটি ক্যাফেতে ধারণ করা হয়েছে। এতে নেতানিয়াহুর সহযোগী তাকে তার মৃত্যুর গুজব সম্পর্কে জিজ্ঞেস করেন।
নেতানিয়াহু কিছুটা শ্লেষ সহকারে দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহার করে এই উত্তর দেন। ইংরেজি ‘ডেড’ শব্দটি হিব্রু অপভাষায় কারও জন্য বা কোনোকিছুর জন্য ‘পাগল’ বোঝাতেও ব্যবহার করা যায়। তিনি কফি নিতে গিয়ে এই শব্দটি ব্যবহার করেন।
সহযোগীকে নেতানিয়াহু বলেন, “আমি কফি পাগল। আপনি জানেন কি? আমি আমার জনগণের জন্য পাগল।”
রয়টার্স জানিয়েছে, তারা ক্যাফেটির ফাইল ছবি থেকে ভিডিওটি যেখানে ধারণ করা হয়েছে তা যাচাই করে দেখেছে, ভিডিওতে প্রদর্শিত অভ্যন্তরের সঙ্গে সেগুলো মিলে গেছে। রোববার ওই ক্যাফেটিও নেতানিয়াহুর সেখানে যাওয়ার বেশ কিছু ভিডিও ও ছবি পোস্ট করেছে। সেগুলো থেকেও তথ্যগুলো যাচাই করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের অন্তত দুটি শহর পরিদর্শন করেছেন। সেখানে ক্ষতিগ্রস্ত একটি হাসপাতাল, বন্দর ও সামরিক ঘাঁটি ঘুরে দেখেন তিনি। কিন্তু তার এই সফরের সঙ্গে গণমাধ্যমকে প্রায় রাখা হয়নি আর এর ভিডিওগুলো নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশ করা হয়।
নেতানিয়াহু খুব কমই ইসরায়েলি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন। তিনি সংবাদ সম্মেলনও তেমন একটা করেন না। ইরান যুদ্ধ শুরুর পর থেকে ১২ মার্চ তিনি প্রথম সংবাদ সম্মেলনে করেন, তাও ভিডিও লিঙ্কের মাধ্যমে। গত বছরের জুনে ইরানের সঙ্গে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের সময়ও তিনি এমনটি করেছিলেন।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলজুড়ে জরুরি নিরাপত্তা বিধিনিষেধ জারি আছে। সেখানে জনসমাবেশ নিষিদ্ধ আর লোকজনের অধিকাংশই হয় বাড়িতে অথবা আশ্রয় কেন্দ্রে বা নিরাপদ কক্ষগুলোতে আছেন। প্রায় পুরো ইসরায়েলজুড়ে স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে।