দিনে নিরাপত্তার আশ্বাস, রাতে গুলিতে কনটেন্ট ক্রিয়েটর নিহত
রাজধানীতে নিরাপদ ও নির্বিঘ্নে ঈদ উদ্যাপন নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে,সকালে এমন আশ্বাস দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে, সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় গুলিতে এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হওয়ার ঘটনা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
রোববার (১৫ মার্চ) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে জাতীয় শহীদ মিনার এলাকায় কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম (২৫)-কে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ জানান, রাকিবুল ইসলামের মাথায় গুলির চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার মাথার পাশাপাশি পিঠের বাম ও ডান পাশে গুলির ক্ষতচিহ্ন রয়েছে।
এছাড়া শরীরের আরও কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, শহীদ মিনার এলাকায় এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এর কয়েক ঘণ্টা আগে সকালে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো.সরওয়ার। তিনি জানান, রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
তিনি বলেন, প্রতিদিন তিন শতাধিক মোটরসাইকেল ও গাড়ি নিয়ে মোবাইল পেট্রোলিং করা হয়। রাতে রাজধানীতে ৭০টির বেশি চেকপোস্ট বসানো হয়। পাশাপাশি বিপুলসংখ্যক ফুট পেট্রোল ও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
ঈদকে সামনে রেখে রাজধানীর নিরাপত্তা জোরদারের কথাও জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং ফাঁকা রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় গুলিতে হত্যার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অপরাধ বিশ্লেষকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক অপরাধ বিশেষজ্ঞ বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনী ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তবুও শহীদ মিনারের মতো সংবেদনশীল এলাকায় এমন হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা ব্যবস্থার ঘাটতির দিকটি সামনে এনে দিয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাস্তব কাজের চেয়ে সংবাদ সম্মেলনে বেশি কথা বলা হচ্ছে যা উদ্বেগের বিষয়।
ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।