মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৫ ১৪৩২, ২৯ শা'বান ১৪৪৭

আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে মাদাগাস্কারে ৫৯ জনের মৃত্যু

 প্রকাশিত: ১২:০২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে মাদাগাস্কারে ৫৯ জনের মৃত্যু

মাদাগাস্কারে গত সপ্তাহে ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে।

চলতি বছর ভারত মহাসাগরীয় দ্বীপ দেশটিতে আঘাত হানা দ্বিতীয় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করার পর সোমবার তারা এ তথ্য দিয়েছে, জানিয়েছে রয়টার্স।

দেশটির ন্যাশনাল ব্যুরো ফর রিস্ক এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (বিএনজিআরসি) জানায়, গেজানির তাণ্ডবে আরও ৮০৪ জন আহত হয়েছেন আর ১৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। ঘূর্ণিঝড়টির কারণে ১৬৪২৮ জন বাস্তুচ্যুত হয়েছেন এবং আরও ৪২৩৯৮৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গেজানি দেশটিতে তাণ্ডব চালানোর মাত্র ১০ দিন আগে ফিতিয়া নামের আরেকটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় দেশটিতে আঘাত হেনেছিল আর তাতে ১৪ জন নিহত ও ৩১ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল, জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক দপ্তর।

সর্বোচ্চ পর্যায়ে গেজানি ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার একটানা বাতাসের বেগ নিয়ে বইছিল, যা দমকা হাওয়া আকারে ঘণ্টায় প্রায় ২৭০ কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছিল। বাতাসের এই শক্তি ছাদে স্থাপিত ধাতব শীটের বিজ্ঞাপন বোর্ড বা এ ধরনের অন্য কিছু এবং বড় ধরনের গাছ উপড়ে ফেলার জন্য যথেষ্ট।

আবহাওয়া পরিষেবার এক বিবৃতিতে জানায়, ঘূর্ণিঝড়টি পশ্চিম দিকে মোজাম্বিক চ্যানেল পাড়ি দিয়ে মোজাম্বিকের দক্ষিণ প্রান্তে গিয়ে আঘাত হানে। গেজানির প্রভাবে মোজাম্বিকের ওই অঞ্চলের উপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যায় আর উপকূলে প্রায় ১০ মিটার উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানে।

এরপর গেজানি বাঁক খেয়ে আবার চ্যানেলের উপর দিয়ে পূর্ব দিকে ফিরে আসে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ঘুরে আবার মাদাগাস্কার উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। সোমবার মাদাগাস্কারের দক্ষিণপশ্চিমাঞ্চল দিয়ে গেজানির দ্বিতীয়বারের মতো স্থলে উঠে আসার কথা ছিল।

এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ মাদাগাস্কারের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় জেলা আম্পানিহিতে রেড অ্যালার্ট জারি করেছে। সোমবার সন্ধ্যার দিকে গেজানি উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূর দিয়ে যাচ্ছিল। এর প্রভাবে আম্পানিহিতে ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছিল, কিন্তু বৃষ্টির ধারা তেমন প্রবল ছিল না বলে জানিয়েছে আবহাওয়া পরিষেবা।