কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
কুমিল্লার হোমনায় বসতঘর থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘাড়মোড়া ইউনিয়নের মনিপুর উত্তরপাড়া জইনুদ্দিনুন্সি বাড়িতে মঙ্গলবার সকাল ৯টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হোমনা থানার ওসি মোরশেদুল ইসলাম।
নিহতরা হলেন- ওই এলাকার সৌদি আরব প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী ও তার চার বছরের ছেলে হোসাইন এবং সৌদি আরব প্রবাসী সাত্তারের পাঁচ বছরের ছেলে জোবায়ের।
হোমনা থানার ওসি (তদন্ত) দীনেশ চন্দ্র দাস বলছেন, “একটি ঘরের ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি নারী ও দুটি শিশু। আমরা এসে ঘরের দরজা খোলা দেখতে পেয়েছি। নিহতদের গলা কাটা অবস্থায় পাওয়া গিয়েছে।”
স্থানয়ীরা বলছে, নিহত হোসাইন ও জোবায়ের সম্পর্কে চাচাতো ভাই। জোবায়ের সোমবার রাতে তার চাচার ঘরে হোসাইন ও চাচি সুখীর সঙ্গে ঘুমিয়ে ছিল। সকালে তাদের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডের কারণ জানতে চাইলে ওসি দীনেশ বলেন, “তাদের কেন হত্যা করা হয়েছে, এখনই বলা যাচ্ছে না। পিবিআই ও সিআইডির টিম কুমিল্লা থেকে এসে তদন্ত শুরু করলে ঘটনার আসল কারণ উদঘাটিত হওয়া শুরু করবে। আমরা প্রাথমিকভাবে তদন্ত কাজ এগিয়ে নিচ্ছি।”