ভিয়েতনাম মাস্কের স্টারলিংককে লাইসেন্স দিল
ভিয়েতনাম সরকার ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংককে দেশটিতে সেবা পরিচালনার লাইসেন্স দিয়েছে বলে এক সরকারি সংস্থা জানিয়েছে।
রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানায়, স্থানীয় ইউনিট স্টারলিংক সার্ভিসেস ভিয়েতনাম কোং প্রাথমিকভাবে চারটি গেটওয়ে স্টেশন স্থাপন করতে পারবে। পাশাপাশি সর্বোচ্চ ছয় লাখ টার্মিনাল ডিভাইস মোতায়েনের অনুমতি পেয়েছে।
হ্যানয় থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শনিবার এক ঘোষণায় রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, লাইসেন্সের শর্তে বলা হয়েছে, স্টারলিংককে এ ব্যাপারে নিশ্চিত করতে হবে, যেন বিদ্যমান রেডিও যোগাযোগ নেটওয়ার্কে কোনো ধরনের হস্তক্ষেপ করা না হয়।
কর্তৃপক্ষ আরও জানায়, স্টারলিংক ব্যবস্থা দেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সংযোগ সম্প্রসারণে অবদান রাখবে।
স্টারলিংক বিশ্বের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা দিয়ে থাকে। হাজার হাজার লো-আর্থ অরবিট স্যাটেলাইটের মাধ্যমে এ সেবা পরিচালিত হয়।
ভিয়েতনামের প্রায় ১০ কোটি মানুষের মধ্যে প্রায় ৮০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী।
এ তথ্য জানিয়েছে ভিয়েতনাম ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার।
তবে গ্রামীণ ও পাহাড়ি এলাকায় এখনও ইন্টারনেট সেবায় ঘাটতি রয়ে গেছে।
স্টারলিংকের মূল কোম্পানি স্পেস এক্স প্রতিষ্ঠা করেছেন বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম ইলন মাস্ক।
এ বিষয়ে এএফপির মন্তব্যের অনুরোধে রোববার তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্র ভিত্তিক স্টারলিংক তাদের ওয়েব সাইটের প্রাপ্যতা মানচিত্রে জানিয়েছে, ভিয়েতনামে তাদের সেবা শিগগিরই আসছে।
গত বছর ওয়াশিংটন ভিয়েতনামি পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপের পর দুই দেশ একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। চলতি মাসে ষষ্ঠ দফা আলোচনা হয়েছে। তবে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি।
ভিয়েতনামের শীর্ষ নেতা তো লাম এ সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।
তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর বৈঠকে অংশ নেবেন বলে গত সপ্তাহে এএফপিকে দুটি সূত্র জানিয়েছে।
ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ডটি মূলত দুই বছরের যুদ্ধের পর গাজা উপত্যকার পুনর্গঠন তদারকির জন্য গঠিত হয়েছিল। তবে এর কার্যপরিধি ফিলিস্তিনি ভূখণ্ডের বাইরেও বিস্তৃত হয়েছে বলে জানা গেছে।
প্রথম বৈঠক আগামী ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার কথা।
কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক লাম ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা করবেন কি না, তা স্পষ্ট নয়।
ভিয়েতনাম সরকার এখনও সফরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা ঘোষণা করেনি।
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে আশঙ্কা থাকলেও দক্ষিণ-পূর্ব এশিয়ার এ উৎপাদন কেন্দ্র গত বছর ৮ দশমিক ০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
সরকার চলতি বছর দ্বি-অঙ্কের প্রবৃদ্ধি লক্ষ্য নির্ধারণ করেছে।