সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, বিক্ষোভ
সিরাজগঞ্জ শহরে বাড়ি ফেরার পথে বাসচাপায় এক নারীর প্রাণ গেছে।
এ দুর্ঘটনার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরে চালকসহ বাসটি আটক করে পুলিশ।
রোববার সকাল ৯টার দিকে শহরের বিয়ারাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন।
নিহত ৩১ বছর বয়সী আঁখি খাতুন শহরের জুবলী রোডর ‘ফুড কেয়ার হোটেলের’ স্বত্বাধিকারী ফারুক হোসেনের স্ত্রী।
ওসি শহিদুল বলেন, “মেয়েকে মাদ্রাসায় রেখে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ‘এসআই’ পরিবহনের একটি বাস আঁখিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
প্রত্যক্ষদর্শীরা বলছেন, এই ঘটনার প্রতিবাদে মালশাপাড়া-মুলিবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ দুর্ঘটনায় জড়িত বাস ও চালককে আটক করে। আটক ওই চালক শহরের সয়াধানগড়া এলাকার আশরাফুল ইসলাম আশা।
নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছে জানিয়ে ওসি শহিদুল বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।