রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৩ ১৪৩২, ২৭ শা'বান ১৪৪৭

আন্তর্জাতিক

ইমরান খানকে সুচিকিৎসা দেওয়ার আহ্বান ওয়াসিম-ওয়াকারদের

 প্রকাশিত: ১১:৩৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ইমরান খানকে সুচিকিৎসা দেওয়ার আহ্বান ওয়াসিম-ওয়াকারদের

কারাবন্দি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডান চোখের বেশিরভাগ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শাহিদ আফ্রিদিসহ দেশটির আরও অনেক সাবেক ক্রিকেটার। বিশ্বকাপ জয়ী অধিনায়কের যথাযথ চিকিৎসাসেবা পাওয়ার দাবি জানিয়েছেন তারা।

৭৩ বছর বয়সী ইমরান বেশ কয়েক মাস ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে নির্জন কারাবাসে আছেন এবং চোখের সংক্রমণে ভুগছেন। সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া অ্যামিকাস কিউরি সালমান সাফদারের প্রতিবেদন বলছে, জেল কর্তৃপক্ষের অবহেলার কারণে ইমরান তার ডান চোখের দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ হারিয়ে ফেলেছেন।

ইমরানকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে মেনে চলা কিংবদন্তি পেসার ওয়াসিম শনিবার সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ইমরানের স্বাস্থ্যগত সমস্যার কথা শুনে খুবই খারাপ লাগছে তার।

“আমি আন্তরিকভাবে আশা করি, কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেবে এবং তার সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করবে। আমি তার মানসিক শক্তি, দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করছি।”

সামাজিক মাধ্যমে একই আকুতি জানিয়েছেন আরেক কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসও।

“রাজনীতিকে একপাশে সরিয়ে রেখে, আমাদের জাতীয় বীর, যিনি ক্রীড়াক্ষেত্রে আমাদের সর্বোচ্চ গৌরব এনে দিয়েছেন এবং যার ক্যান্সার হাসপাতাল আমার মাসহ অসংখ্য মানুষের সেবায় নিয়োজিত, তিনি আজ স্বাস্থ্যগত জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন এবং তার দ্রুত চিকিৎসা প্রয়োজন। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যেন, তিনি সময়মতো যথাযথ চিকিৎসা পান। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন অধিনায়ক।”

আরেক পেসার শোয়েব আখতার লিখেছেন, “তার চোখের দৃষ্টিশক্তি হারানোর খবর শুনে আমি গভীরভাবে ব্যথিত। আশা করি, তিনি সর্বোত্তম চিকিৎসা পাবেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছি।”

চিকিৎসাসেবা পাওয়াকে ইমরানের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করেছেন সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। ইমরান প্রধানমন্ত্রী থাকাকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করা রামিজ রাজা আহ্বান জানিয়েছেন ইমরানের প্রতি মানবিকতা প্রদর্শন করার জন্য।

“ইমরান খানকে কষ্ট পেতে এবং এক চোখে দৃষ্টিশক্তি হারাতে দেখা মানসিক পীড়াদায়ক।”

ইমরানের দ্রুত সুস্থতা কামনা করে তার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজও।

এই আহ্বানগুলো শুধু পাকিস্তানে ভেতরেই সীমাবদ্ধ থাকেনি। তাদের চির প্রতিদ্বন্দ্বী ভারতের সাবেক ব্যাটসম্যান আজায় জাদেজাও শুক্রবার পাকিস্তানের ক্রিকেটারদের ইমরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পাকিস্তানের তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ২০২৩ সালের অগাস্টে তিনি কারাবন্দি হন এবং রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস থেকে শুরু করে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগসহ ১০০টিরও বেশি অভিযোগের মুখে পড়েন। তিনি এই সব অভিযোগকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।