স্কুল ফিডিংয়ে পচা খাবার, মাদারীপুরে গ্রেপ্তার ২
স্কুল ফিডিং বা মিড ডে মিল প্রকল্পে পচা খাবার সরবরাহের অভিযোগে করা মামলায় মাদারীপুরে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদারীপুর পৌরসভার চাঁদমারি এলাকা থেকে সোমবার তাদের গ্রেপ্তারের তথ্য দিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ।
ওই দুজন হলেন- এ এফ এম আহসানুল হাবিব (৫১) ও মো. নুরুজ্জামান (৪৩)। তারা সমতা ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের অপারেশন ম্যানেজার। আহসানুলের বাড়ি ময়মনসিংহ গফরগাঁওয়ে। নুরুজ্জামানের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে।
ওসি আবুল কালাম আজাদ মঙ্গলবার বলেন, একটি স্কুল ফিডিং প্রকল্পে পচা খাবার সরবরাহের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষক। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কয়েকটি স্কুলের মিড ডে মিল খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ নিয়ে খবর প্রকাশ করে বিভিন্ন সংবাদমাধ্যম। এরপর সরকার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলে।
মাদারীপুরে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নষ্ট খাবার সরবরাহের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।