মঙ্গলবার ০৯ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

জাতীয়

এক বছরে রাশিয়ায় এক লাখ জনশক্তি রপ্তানির আলোচনা

 প্রকাশিত: ১৮:১৯, ৯ জুন ২০২৬

এক বছরে রাশিয়ায় এক লাখ জনশক্তি রপ্তানির আলোচনা

রাশিয়ায় জনশক্তি রপ্তানি আগামী এক বছরের মধ্যে এক লাখ পর্যন্ত বাড়াতে আলোচনা চালানোর কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মস্কো সফরে ওই আলোচনা হওয়ার কথা মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আগের দিন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশক্তি রপ্তানি বাড়িয়ে পরবর্তী এক বছরে এক লাখে উন্নীত করার আলোচনায় রয়েছে বাংলাদেশ ও রাশিয়া। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এমন প্রস্তাব দিলে এ বিষয়ে দ্রুততার সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে রুশ কর্তৃপক্ষ।

“রাশিয়ায় বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি কাজ করছেন। এক্ষেত্রে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা উভয় দেশ শিগগির শেষ করবে বলে আশা করা হচ্ছে।”

দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়ানোর বিষয়ে দুই পক্ষ একমত হওয়ার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বর্তমান বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম। রাশিয়ার বাজারে বাংলাদেশ থেকে রপ্তানি দ্রুত বাড়ানোর সম্ভাবনার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিল; বিশেষ করে তৈরি পোশাক এবং ওষুধ।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের রাশিয়া সফরের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে দেশটি।

সফরে প্রযুক্তি খাতে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) সহযোগিতার আলোচনা ‘বড় আকারে’ আসার কথা তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “কৃষি ও স্বাস্থ্য খাতে এআই-এর ব্যবহার নিয়ে একটি রুশ প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিল। এ বিষয়ে সঙ্গে সঙ্গে একমত হয়ে গেছে রুশ কর্তৃপক্ষ।”

বাংলাদেশ জাতীয় এআই নীতি প্রণয়ন এবং এআই বিষয়ক প্রতিষ্ঠান গড়ার বিষয়ে সহযোগিতা দিতে রুশ কর্তৃপক্ষের আগ্রহ প্রকাশের কথাও বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনদিনের সফরে রাশিয়ায় রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরে তার সঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।