সোমবার ১৫ জুন ২০২৬, আষাঢ় ১ ১৪৩৩

ব্রেকিং

অর্থনীতির পুনর্গঠন অন্যতম অগ্রাধিকার: সংসদে মন্ত্রী বাকলিয়ার শিশু ‘ধর্ষণ’: আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার আবু সাঈদ হত্যা: পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে, ‘প্রয়োজনে আপিল’ বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতির সব নথি গোছাচ্ছে দুদক প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা: ভারতীয় দূতকে তলব দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনকও বটে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: খোঁজ নিচ্ছে ঢাকা কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় ২৮ জুন নারিতা রুটে বিমান ফিরছে আগামী মাসে ফের বাড়লো সোনা-রুপার দাম ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি মানতে ইসরায়েল বাধ্য নয়: বেন-গভির

জাতীয়

আবু সাঈদ হত্যা: পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে, ‘প্রয়োজনে আপিল’

 প্রকাশিত: ১৭:৩৯, ১৫ জুন ২০২৬

আবু সাঈদ হত্যা: পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে, ‘প্রয়োজনে আপিল’

জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক হয়ে ওঠা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

অভিযোগের গুরুত্ব অনুযায়ী আনুপাতিক হারে সাজা দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।

তিনি এও বলেছেন, পূর্ণাঙ্গ রায় আরও নিবিড়ভাবে পর্যালোচনা করে সাজা বৃদ্ধির প্রয়োজন হলে আপিল করা হবে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউশন কার্যালয়ে পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন আমিনুল।

রায়ের পর্যালোচনার বিষয়ে তিনি বলেন, “আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট পেয়েছি ৮০৯ পৃষ্ঠার। সকাল থেকে যেটুকুন সম্ভব হয়েছে, আমি এটা পড়েছি। প্রাথমিকভাবে আমার কাছে মনে হয়েছে অত্যন্ত জুডিসিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে ট্রাইব্যুনাল এই জাজমেন্টটা দিয়েছেন।

“৩০ জন আসামি ছিল, ৩০ জনকেই তারা কনভিক্ট করেছেন, ৩০ জনকেই তারা সেন্টেন্স দিয়েছেন। আমাদের আইনে বলা আছে যে, মৃত্যুদণ্ড অথবা অভিযোগের গুরুত্ব অনুযায়ী প্রোপোরশনেটলি তার শাস্তি হবে। তো আবু সাঈদ হত্যা মামলায় যারা সরাসরি গুলির অভিযোগ ছিল, তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং সেই গুলিতে যারা প্রত্যক্ষ সহযোগিতা করেছে, তাদেরকে যাবজ্জীবন দিয়েছে।”

প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেন, “যারা ইট-পাটকেল মেরেছে, লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেছিল বা যাদের এই টোটাল পার্টিসিপেশন যাদের ছিল, অভিযোগের প্রোপোরশনেট হারে তাদেরকেও শাস্তি দিয়েছে। কেউ কিন্তু শাস্তির বাইরে যায় নাই।”

রায়ের পর্যবেক্ষণের সঙ্গে এই মুহূর্তে দ্বিমতের সুযোগ দেখছেন না বলেও জানান আমিনুল ইসলাম।

“আমরা মনে করি যে এই জাজমেন্টটা সঠিক দিয়েছে এবং যেসব আলোচনা তারা করেছেন, আমরা সেই আলোচনার সাথে এখন পর্যন্ত দ্বিমত পোষণ করার সুযোগ দেখছি না। তার পরেও আমরা আরও দেখতেছি জাজমেন্ট, আরও একটু মেটিকুলাসলি পর্যালোচনা করি। দেখার পরে কোনো কারণে কারও বিরুদ্ধে যদি আমাদের সাজা বাড়ানোর জন্য অথবা অন্য কোনো কারণে আমাদের আপিল করার প্রয়োজন হয়, তাহলে সাজা বৃদ্ধির জন্য আমরা আবেদন করব, আপিল করব। আর যদি প্রয়োজন না হয়, আপিল করার প্রয়োজন না থাকলে আমরা আপিল করব না।”

গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ও তিন কর্মকর্তাকে যাবজ্জীবন সাজা দেয় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

 

রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন হলেন—এএসআই (সশস্ত্র) আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবন সাজা পাওয়া তিনজন হলেন—তৎকালীন সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম ওরফে নয়ন ও এসআই বিভূতি ভূষণ রায় ওরফে মাধব। পৃথক ধারায় এ তিনজনের আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয়।

বাকি ২৫ আসামির মধ্যে ৫ জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৮ জনের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১১ জনের ৩ বছরের সাজা হয়। অপর একজনের হাজতবাসের সময়কে দণ্ড হিসেবে গণ্য করা হয়। দণ্ডিত ৩০ জনের মধ্যে গ্রেপ্তার হয়ে ছয়জন কারাগারে আছেন, বাকি ২৪ জন পলাতক।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। সেদিন দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা সাঈদকে পুলিশের গুলি করার ভিডিও সংবাদমাধ্যমে প্রচার হলে ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যান।

অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার উদ্যোগ নেওয়ার পর আবু সাঈদের মামলাটিও সেখানে আসে। তদন্ত শেষে ২০২৫ সালের ২৪ জুন ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কার্যালয়ে ৩০ জনের সম্পৃক্ততার প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা।

ওই বছরের ৬ অগাস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু করে ট্রাইব্যুনাল-২। প্রসিকিউশনের পক্ষে মোট ২৫ জনের জবানবন্দি এবং প্রত্যক্ষদর্শী বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেওয়া হয়।