প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: খোঁজ নিচ্ছে ঢাকা
ভারতের নয়াদিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের প্রবেশে বাধা এবং পরে ফেরত আসার ঘটনায় খোঁজখবর নিচ্ছে ঢাকা।
সোমবার (১৫ জুন) এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গত রোববার (১৪ জুন) ঢাকা থেকে ডা. জাহেদ উর রহমান দিল্লি যান ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি প্রবেশে বাধার মুখে পড়েন।
পরে তিনি কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।
সূত্র জানায়, উপদেষ্টার ভারত সফর সম্পর্কে আগেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল।
তা সত্ত্বেও কেন তাকে প্রবেশে বাধা দেওয়া হলো- এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লির বাংলাদেশ হাইকমিশন খোঁজখবর নিচ্ছে।
আরও জানা যায়, তাকে প্রায় এক ঘণ্টা অপেক্ষায় রেখে বিভিন্ন প্রশ্ন করার পর শেষ পর্যন্ত প্রবেশের অনুমতি দেওয়া হয়।
তবে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ যথাযথ না হওয়ায় তিনি ভারতে প্রবেশ না করে কলম্বো হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
উপদেষ্টা হিসেবে ডা. জাহেদ উর রহমানের কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্যতা থাকলেও তিনি সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ঢাকা থেকে যাত্রা করেন। দিল্লি বিমানবন্দরে নামার পর তাকে ভারতের নজরদারি তালিকার ভিত্তিতে আটকে দেওয়া হয় বলে সূত্রের দাবি।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮ সূত্রের বরাতে জানিয়েছে, তার নাম ভারতের নিরাপত্তা-সংক্রান্ত নজরদারি তালিকায় ছিল। নিয়মিত তল্লাশির সময় ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে শনাক্ত করেন এবং এরপর যাচাই-বাছাই ও প্রশ্নোত্তর প্রক্রিয়া সম্পন্ন করেন।