কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় ২৮ জুন
জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা হোটেল কর্মচারীকে গুলি এবং দুইজনকে হত্যার মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য ২৮ জুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রামপুরায় হোটেলে কাজ শেষে ঢাকায় থাকা ফুফুর বাসায় ফিরছিলেন আমির হোসেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
বনশ্রী-মেরাদিয়া সড়কে পুলিশ-বিজিবির গাড়ি দেখে ভয়ে তিনি পাশের একটি নির্মাণাধীন চারতলা ভবনে ওঠেন।
এরপর পুলিশ তার পিছু নেয়।
একপর্যায়ে জীবন বাঁচাতে তিনি ওই ভবনের ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকেন। এ সময় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ হয়ে নিচে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বনশ্রীর একটি হাসপাতালে নেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি দীর্ঘদিন চিকিৎসা নেন।
একই ঘটনায় দুইজনকে হত্যার অভিযোগসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন-সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান, রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার এবং রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। এদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার রয়েছেন।