নড়াইলে নারী দিবসে র্যালি ও আলোচনা সভা
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রোববার সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
আলোচনা সভায় অতিথির বক্তব্য দেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মৌসুমী রানী মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী।
বক্তারা নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, বাল্য বিয়ে নিরোধ, নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্বারোপ, নারীর প্রতি সহিংসতারোধসহ নানা বিষয়ে আলোচনা করেন।
অতিথিবৃন্দ জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে নারী উদ্যোক্তাদের তৈরিকৃত পণ্য’র স্টল ঘুরে দেখেন।