মুশফিকুল ফজলসহ ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চুক্তিতে নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে ফিরিয়ে আনছে বিএনপি সরকার।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন পর্যায়ে রদবদলের মধ্যে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপের মিশন প্রধানকে প্রত্যাহারের খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল আনসারী, এবং মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে সদর দপ্তরে বদলি করা হয়েছে।
একই সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে সদর দপ্তরে বদলির তথ্য দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে।
অবশ্য আবিদা ইসলামকে প্রত্যাহারের খবর শনিবারই লন্ডনে দিয়েছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের ‘অতিসত্বর’ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।