‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার। সকালের স্নিগ্ধ আলোয় অন্য দশটা দিনের মতোই ব্যস্ততার শুরু। তবে আজ দিনের শুরুটা হলো কিছুটা ভিন্নভাবে। গুলশানের বাসভবনের দরজা খুলে বের হয়েই উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, ‘চলেন যুদ্ধে যাই।’
মাত্র তিন শব্দের ছোট্ট একটি বাক্য। কিন্তু প্রধানমন্ত্রীর মুখে এমন কথা শুনে উপস্থিত ব্যক্তিগত ও নিরাপত্তা কর্মকর্তারা মুহূর্তের জন্য হতচকিত হয়ে পড়েন। তবে পরক্ষণেই বুঝতে বাকি রইল না কারো– দেশ পরিচালনার গুরু দায়িত্ব আর রাষ্ট্র গঠনের দৈনন্দিন সংগ্রামকেই তিনি ‘যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন। হাস্যোজ্জ্বল মুখে বলা এ কথায় যেন ফুটে উঠল দেশ গঠনে তার প্রতিদিনের অবিচল মানসিকতা।
সেসময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, রোববার (৮ মার্চ) সকাল ৮টা ৪২ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশে গুলশানের বাসভবন থেকে বের হন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপ্রধানের প্রটোকল অনুযায়ী আগে থেকেই প্রস্তুত ছিলেন তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে বের হয়েই চিরাচরিত হাস্যোজ্জ্বল মুখে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সপ্তাহের প্রথম দিনে আজ ঠাসা কর্মসূচি রয়েছে তার।
প্রধানমন্ত্রীর আজকের কার্যতালিকা অনুযায়ী, তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।