রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

ইসলাম

শাওয়াল মাসের ছয় রোজার ফজিলত

 প্রকাশিত: ১০:০৭, ২৬ মার্চ ২০২৬

শাওয়াল মাসের ছয় রোজার ফজিলত

পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার পরপরই আমাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদতের সুযোগ নিয়ে হাজির হয় শাওয়াল মাস। এই মাসে ছয়টি রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যা পালনের মাধ্যমে মুমিনরা বিপুল পরিমাণ সওয়াব লাভ করার সুযোগ থাকে। নিম্নে শাওয়ালের ছয় রোজার কিছু ফজিলত তুলে ধরা হলো;

সারা বছর রোজা রাখার সওয়াব: শাওয়াল মাসের ছয়টি রোজার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি রমজানের রোজার সাথে মিলিত হয়ে রমজানের রোজার সওয়াবকে আরো বাড়িয়ে দেয়। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি রমজানের রোজা রাখল, অতঃপর শাওয়ালের ছয়টি রোজা রেখে এর অনুসরণ করল, সে যেন সারা বছরই রোজা রাখল।’ (মুসলিম, হাদিস : ২৬৪৮)

এর ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিটি নেক আমলের সওয়াব ১০ গুণ বৃদ্ধি করা হয়। সেই হিসেবে রমজানের ৩০টি রোজা ৩০০ দিনের সমান এবং শাওয়ালের ৬টি রোজা ৬০ দিনের সমান, যা একত্রে ৩৬০ দিন বা এক বছরের সমান হয়।

রমজানের রোজার ত্রুটি বিচ্যুতি পূরণ: ওলামায়ে কেরামের মতে, ফরজ নামাজের আগে ও পরে যেমন সুন্নাহ নামাজ থাকে, তেমনি রমজানের আগে (শাবান) ও পরে (শাওয়াল) নফল রোজা রাখা সুন্নত। মানুষের ফরজ ইবাদতে সাধারণত কিছু না কিছু ত্রুটি থেকে যায়। কিয়ামতের দিন যখন বান্দার হিসাব নেওয়া হবে, তখন ফরজ ইবাদতের ঘাটতি থাকলে আল্লাহ তাআলা নফল বা স্বেচ্ছামূলক ইবাদত দিয়ে তা পূরণ করতে বলবেন। (তিরমিজি, হাদিস : ৪১৩)। তাই শাওয়ালের এই ছয় রোজা রমজানের রোজার কোনো ঘাটতি থাকলে তা পূরণে সহায়ক হতে পারে। 

রোজা কবুল হওয়ার লক্ষণ: নেক আমলের পর পুনরায় নেক আমল করার তাওফিক পাওয়া হলো সেই আমলটি আল্লাহর দরবারে কবুল হওয়ার অন্যতম লক্ষণ। আলেমগণ বলেন, ‘একটি সত্ কাজের প্রতিদান হলো তার পরে আরেকটি সত্ কাজ করা’। হাদিস শরীফেও এর পক্ষে প্রমাণ পাওয়া যায়। আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, আল্লাহ তাআলা যদি তাঁর কোন বান্দার কল্যাণ করার ইচ্ছা করেন তাহলে তাকে কাজ করার তাওফিক প্রদান করেন। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসুল (সা.)! তিনি কিভাবে তাকে কাজ করার তাওফিক দেন? তিনি বললেন, তিনি সেই বান্দাকে মারা যাওয়ার আগে সত্কাজের সুযোগ দান করেন। (তিরমিজি, হাদিস : ২১৪২)

কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম: রমজানের রোজা পালন এবং পাপ মার্জনার মতো মহান নেয়ামত লাভের পর আল্লাহর শুকরিয়া আদায় করা আবশ্যক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ কর এবং তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন, তার জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা কর এবং যাতে তোমরা শোকর কর।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৫)

মহান আল্লাহর ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখাও তাঁর শোক আদায়ের বহিঃপ্রকাশ। তাই মুমিনের উচিত, শাওয়ালের ছয় রোজা পালনের মাধ্যমে মহান আল্লাহর শোকর আদায় করা। 

শাওয়ালের ছয় রোজার পদ্ধতি: শাওয়ালের ছয় রোজা এ মাসের যেকোনো সময় রাখা যায়। উত্তম হলো ঈদের পরের দিন থেকে ধারাবাহিকভাবে রাখা, তবে কেউ চাইলে মাসের বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবেও এই রোজা পালন করতে পারেন; উভয় পদ্ধতিতেই সওয়াব হাসিল হবে। ইমাম শাফেয়ী, আহমদ ও দাউদ (রহ.) সহ অনেক ফকিহ এই রোজাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন।

পরিশেষে বলা যায়, শাওয়ালের ছয় রোজা একজন মুমিনের জন্য আমলনামায় সারা বছরের রোজার সওয়াব যোগ করার এক সুবর্ণ সুযোগ। এটি কেবল সওয়াব বৃদ্ধির মাধ্যমই নয়, বরং আল্লাহর সান্নিধ্য লাভ এবং রমজানের আধ্যাত্মিক ধারা বজায় রাখার একটি অন্যতম পথ। তাই আমাদের উচিত, এই রোজাগুলোকে অবহেলা না করে এই সুযোগ কাজে লাগানো এবং আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া। মহান আল্লাহ সবাইকে তাওফিক দান করুন। আমিন।