খুলনা-৫: জামায়াত নেতার বাড়িতে আগুন, অভিযোগ বিএনপির বিরুদ্ধে
খুলনা-৫ আসনের ফুলতলা উপজেলায় এক জামায়াত নেতার বাড়িতে আগুনের অভিযোগ পেয়েছে পুলিশ।
শনিবার গভীর রাত দেড়টার দিকে উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নের মশিয়ালী গ্রামের আকুঞ্জি পাড়ায় শোকর আকুঞ্জির বাড়িতে এ ঘটনা ঘটে বলে খানজাহান আলী থানার ওসি হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম জানান।
শোকর আকুঞ্জির বড় ছেলে রমজান আকুঞ্জি জামায়াতে ইসলামীর রুকন এবং ইউনিট সভাপতি এবং ছোট ছেলে আব্দুর রাজ্জাক ছাত্রশিবিরের মশিয়ালী ওয়ার্ড সভাপতি।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলীয় নেতারা রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, মশিয়ালী গ্রামের আগুন দেওয়ার ঘটনায় একটি লাকড়ি রাখার ঘরে ৩-৪ মণ কাঠ পুড়ে গেছে। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা রাতে ছুটে আসেন। পরে সবাই মিলে পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শোকর আকুঞ্জির অভিযোগ, তিনি দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থক। ধানের শীষের সমর্থকরা এলাকায় দাঁড়িপাল্লার সমর্থকদের হুমকি দিয়ে আসছিলেন। তারাই এই আগুন দিয়েছেন।
খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আমির সৈয়দ হাসান মাহামুদ টিটো বলেন, আটরা-গিলাতলা ইউনিয়নের প্রায় ৪০ হাজার ভোটের মধ্যে ধানের শীষ পেয়েছে ৯ হাজার ৫৫ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ১৮ হাজার ৪৪২ ভোট।
“এই ইউনিয়নে ধানের শীষ কম ভোট পাওয়ায় এবং ধানের শীষকে বিজয়ী ঘোষণা করার পর থেকে বিএনপি ও আওয়ামী লীগের লোকেরা দাঁড়িপাল্লার সমর্থকদের হুমকি দিয়ে আসছিলেন। তার দাবি, তারাই এ আগুন দিয়েছেন।”
টিটো বলেন, এ ঘটনার প্রতিবাদে রোববার বিকালে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তবে ঘটনার সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান।
তিনি বলেন, “ওই গ্রামটি জামাত অধ্যুষিত। বিএনপির কোনো নেতাকর্মী ছোট এইটুকু ঘটনার সঙ্গে জড়িত নয়। নির্বাচনের দলাদলিকে কেন্দ্র করে জামায়াত অহেতুক বিএনপির কাঁধে দায় চাপাতে চাচ্ছে।”
খানজাহান আলী থানার ওসি হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন, “রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়েছে তা শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল থেকে একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি করে তদন্ত শুরু হয়েছে এবং সিআইডি আলামত সংগ্রহ করেছে।”
ডুমুরিয়া ও ফুলতলা নিয়ে গঠিত এই আসনে জামায়াতের গোলাম পরওয়ারকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির আলী আসগার লবি।