বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২২ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

ব্রেকিং

যাদের শুরু ‘অনৈতিকতায়’, তারা সৎ শাসন দেবে কীভাবে: তারেক রহমান ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান ভোটের পরিবেশ ‘তুলনামূলক ভালো আছে’: ইসি মাছউদ জুলাই অভ্যুত্থান পরবর্তী ১৭ মাসে সহিংসতায় নিহত ১৯৫ ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহার, শরীয়াহকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি একটা গোষ্ঠী আমার পেছনে লেগেছে: জামায়াত আমির নতুন জালেমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান ‘রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না’, জামায়াতের উদ্দেশে ফখরুল নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষ: গুলিতে কিশোরের মৃত্যু রাফা খোলার তিন দিন পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২১ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ২০০ বিচ্ছিন্নতাবাদী নিহত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স `হ্যাকড`: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক এনসিটি ইজারা ইস্যুতে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি, অচলাবস্থা তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

রাজনীতি

যাদের শুরু ‘অনৈতিকতায়’, তারা সৎ শাসন দেবে কীভাবে: তারেক রহমান

 প্রকাশিত: ১৮:২৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

যাদের শুরু ‘অনৈতিকতায়’, তারা সৎ শাসন দেবে কীভাবে: তারেক রহমান

‘অনৈতিক’ বিষয় দিয়ে যারা কাজ শুরু করছেন, জনগণ কী করে আশা করবে তারা সৎ লোকের শাসন দেবেন বলে প্রশ্ন তুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জামায়তের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, “তারা বিকাশ নম্বর চাইছে, এনআইডি কার্ড চাইছে, কেন চাইছে? তারা দেশের মানুষের সঙ্গে অনৈতিক আচরণ করছে; অথচ তারা বলেন সৎ মানুষের শাসন কায়েম করতে চান।

“আরে ভাই আপনার কাজটি শুরু করছে অনৈতিক বিষয় দিয়ে, নিজেই অনৈতিক বিষয় দিয়ে কাজ শুরু করছেন, এদেশের জনগণ কি করে আশা করবে আপনারা সৎ লোকের শাসন দেবেন।

বুধবার বিকালে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা।

‘গুপ্ত দলের’ লোকেরা জালিম হিসেবে আবির্ভূত হয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, “বর্তমানে দেশে নতুন জালিমের আবির্ভাব হয়েছে। গুপ্ত দলের লোকেরা জালিম হিসেবে আবির্ভূত হয়েছে।

“বাংলাদেশে নারী-পুরুষ মিলে মাঠে কাজ করে। নতুন জালিম যাদের মানুষ গুপ্ত হিসেবে চেনে, সেই জালিমদের নেতা নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। এরা ইসলামের রাজনীতি করে কিন্তু নারীদের নিয়ে কীভাবে কলঙ্কিত শব্দ ব্যবহার করে।”

তিনি বলেন, “গুপ্ত দলের নেতা প্রকাশ্যে নারীদের নিয়ে অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যেই দলের দেশের মা-বোনদের প্রতি শ্রদ্ধা নেই, তাদের কষ্টের প্রতি সম্মান নেই, তাদের থেকে বাংলাদেশের অগ্রগতি আশা করা যায় না।”

মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে তারেক রহমান বলেন, “অতীত ইতিহাস মানুষ ভুলে যায়নি, ওই গুপ্ত দলের নেতাদের সহযোগিতায় এদেশের লাখ লাখ মা-বোন নির্যাতিত হতে হয়েছিল।

“তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে হবে, যারা নিজে দেশের মা-বোনদের সম্মান করতে জানে না, তাদের কাছ থেকে আর যাই হোক ভাল কিছু আশা করা যায় না।”

জুলাই আন্দোলনে শহীদের পরিবারের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, “যারা গুম খুন ও জুলাইয়ে শহীদ ও আহত হয়েছে- তাদের প্রত্যাশা ছিল দেশের মানুষের ১৬ বছর যে অধিকার ছিনিয়ে নিয়েছিল সে অধিকার ফিরে পেতে। আর এজন্য তারা গুম ও হত্যার শিকার হয়েছেন।”

আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে; যারা জবাবদিহির মাধ্যমে দেশ পরিচালনা করবে বলে মনে করেন তারেক রহমান।

সমাবেশ শুরুর আগে ফরিদপুরের নেতারা নিজ জেলার উন্নয়ন নিয়ে তারেক রহমানের কাছে বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, “জেলার নেতারা যে দাবি তুলেছেন, সিটি করপোরেশন ও বিভাগ। আমরা রাস্ট্রক্ষমতায় গেলে অবশ্যই সেটি পূরণ করা হবে।”

তিনি বলেন, “১৭ বছর আমি দেশে ছিলাম না, শুনেছি অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু বাস্তবে দেখলাম উন্নয়নের নামে লুটপাট হয়েছে। সময় এসেছে, আপনাদের কাছ থেকে যে অধিকার ছিনিয়ে নিয়েছিল, সেটির সঠিক প্রয়োগের, আমি আপনাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাই।”

দেশনেত্রী খালেদা জিয়া মাধ্যমিক পর্যন্ত নারীদের শিক্ষা ফ্রি করেছিলেন জানিয়ে তারেক রহমান বলেন, এবার বিএনপি ক্ষমতায় গেলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

তিনি বলেন, “দেশের অনেক ক্ষতি হয়েছে, এখন দেশ গঠন করতে হবে। আমাদেরকে নতুন স্কুল-কলেজ ও মিল কলকারখানা তৈরি করতে হবে। খাল ও নদী খনন করতে হবে। কৃষকদের সুবিধার জন্য হিমাগার তৈরি করতে হবে। বহুকাজ বাকি রয়ে গেছে, দেশকে পুনর্গঠন করতে হবে।

দেশে এখনো গভীর ষড়যন্ত্র চলছে, এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “আমরা যদি ১২ তারিখ এ ষড়যন্ত্রকে ঠেকিয়ে দিতে পারি, তবে ১৩ তারিখ থেকে জনগণের শাসন কায়েম হবে।”

সমাবেশে বৃহত্তর ফরিদপুর ১৫ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।