‘রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না’, জামায়াতের উদ্দেশে ফখরুল
দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া নিয়ে জামায়াত ইসলামী জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে নির্বাচনি সভায় তিনি একথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, “আমরা বিএনপি সবসময় কাজে কর্মে বিশ্বাস করি। আমরা সমালোচনায় বিশ্বাস করি না।
“আজকে একটা দল আপনাদের সামনে আসছে, আপনারা চিনেনও। এদেরকে আমরা আগে কখনো দেখি নাই। তারা আমাদের থাকছে, আমরা একসাথে ছিলাম।”
জামায়াতের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, “এখন তারা আসছে নির্বাচন করবে, ভালো কথা। যে কেউ রাজনীতি করতে পারে, রাজনীতি করবেন কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না। আর গীবত গাইবেন না, গীবত গাইবেন না। অন্যের সমালোচনা ওইভাবে করবেন না।
“এই দলটা সম্পর্কে একটু কথা বলবো- আমি তাদের প্রার্থী সম্পর্কে কথা বলবো না। কিন্তু দলটা সম্পর্কে বলবো। এই জামায়াতে ইসলাম ইসলামের কথা বলে, কিন্তু দেখবেন আজকে অনেক মাওলানা সাহেব, বিশেষ করে চরমনাই পীর সাহেব, তিনি পরিষ্কার করে বলতেছে জামায়াত কোন ইসলামী দল না।”
জামায়াত, ইসলামের নামে প্রতারণা করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “আমাদের অনেক আলেম-ওলামারা তারা পরিস্কার করে বলতেছে জামায়াতে ইসলাম ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে, আর ভুল বোঝাচ্ছে।
“আমাদের সাধারণ মা-বোনদেরকে ভুল বোঝাচ্ছে যে-দাঁড়িপাল্লায় নাকি ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে! নাউজুবিল্লাহ।”
তিনি বলেন, “দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া এটা কোন মুসলমান বিশ্বাস করবে না। মুসলমান বিশ্বাস করে তার আমলের ওপর আল্লাহ তায়ালা তাকে বেহেশতে দেবে কিনা সেটা আল্লাহ নির্ধারণ করবে।”
জামায়াতের আমিরের ‘এক্স’ পোস্ট নিয়ে মির্জা ফখরুল বলেন, “কয়েকদিন ধরে টেলিভিশনে, মোবাইলে অনেক কথা হচ্ছে। তারমধ্যে একটা কথা আসছে জামায়াতে আমির সাহেব মহিলাদের নিয়ে অশ্লীল কথা বলেছে। দেখছেন আপনারা?”
“আল্লাহ তায়ালা বলছেন-মায়ের পায়ের তলে বেহেশত। সেই মা-বোনদের যদি আমার সম্মান করতে না পারি; তার সম্পর্কে যদি কটু কথা বলি তাহলে কি আমরা কোনদিন বেহেশতে যাইতে পারবো? আমরা কি ভালো কাজ করতে পারবো? ”