বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২২ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

আন্তর্জাতিক

তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২

 প্রকাশিত: ১১:১৭, ৪ ফেব্রুয়ারি ২০২৬

তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২

রাশিয়া এ বছর ইউক্রেনের ক্ষতিগ্রস্ত জ্বালানি স্থাপনাগুলোর ওপর ‘সবচেয়ে শক্তিশালী’ হামলা চালিয়েছে। রাশিয়ার এই হামলায় দুই কিশোর নিহত হয়েছে বলে জানা গেছে। 

কিয়েভ গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। 

চার বছর ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে আলোচনার আগে গতরাতে চালানো এই হামলার ফলে তীব্র শীতের মধ্যে হাজার হাজার মানুষ গরমের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে সর্বনিম্ন তাপমাত্রায় নেমে আসার সময়ই রাশিয়া এই হামলা চালায়। এতে দক্ষিণের শহর জাপোরিঝিয়ায় দুই কিশোর নিহত হয় এবং সোভিয়েত আমলের দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি স্মৃতিস্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়।

ইউক্রেনীয় এবং রাশিয়ান আলোচকরা আবুধাবিতে মার্কিন-মধ্যস্থতায় দ্বিতীয় দফা বৈঠকের জন্য মিলিত হওয়ার একদিন আগে এই হামলার ঘটনা ঘটে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘কূটনীতির চেয়ে শীতের তীব্রতাকে কাজে লাগিয়ে মানুষকে আতঙ্কিত করা রাশিয়ার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মস্কো আলোচনার পরিবর্তে সন্ত্রাস ও যুদ্ধের তীব্রতা বাড়ানোকেই বেছে নিয়েছে।’

তিনি আরও বলেন, রাশিয়া ‘আবারও আমেরিকান পক্ষের প্রচেষ্টাকে উপেক্ষা করেছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভøাদিমির পুতিনকে ‘যুদ্ধ বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি চাই রাশিয়ার প্রেসিডেন্ট তীব্র শীতের মধ্যে তাদের হামলা সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করবেন।’
গতকাল মঙ্গলবার কিয়েভ সফরকারী ন্যাটোর প্রধান মার্ক রুটে বলেন, ‘গত রাতের রুশ হামলাগুলো শান্তি নিয়ে তাদের কোনো আন্তরিকতার ইঙ্গিত দেয় না বলে মনে হচ্ছে।’

রুটের সফরের সময় কিয়েভজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়।

এএফপি সাংবাদিকরা জানান, তারা রাতভর রাজধানী জুড়ে বিস্ফোরণের শব্দ শুনেছেন। তাপমাত্রা প্রায় মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সময় শত শত ভবনের বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখেন ভবনের হিটিং সিস্টেম বা গরমের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

পুনর্গঠনমন্ত্রী ওলেক্সি কুলেবা জানান, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ১,১০০টিরও বেশি আবাসিক ভবনে তাপ সরবরাহ বন্ধ রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ‘ইউক্রেনের প্রতিরক্ষা-শিল্প অবকাঠামোতে এবং জ্বালানি স্থাপনাগুলোর ওপর ব্যাপক হামলা’ চালিয়েছে।

ক্রেমলিন গত সপ্তাহে বলেছে যে, তারা কিয়েভে সাত দিনের জন্য হামলা না করার আমেরিকার অনুরোধ মেনে নিয়েছে, যা গত রোববার শেষ হয়।