এনসিটি ইজারা: এবার লাগাতার কর্মবিরতি ঘোষণা
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’কে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চলমান কর্মবিরতি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন মঙ্গলবার বিকালে বলেন, “যারা আন্দোলনের সাথে যুক্ত তাদের বদলিসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবমিলিয়ে দাবি আদায়ে আমাদের কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
কর্মবিরতির কারণে মঙ্গলবারও বন্দরের ভেতরে কোনো কাজ হয়নি বলে দাবি করেন তিনি।
এনসিটি পরিচালনার ভার আরব আমিরাতভিত্তিক অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’কে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনি ও রোববার ৮ ঘণ্টা করে কর্মবিরতির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। প্রথম দিনে জাতীয়তাবাদী শ্রমিকদলের নামে কর্মসূচি দেওয়া হলেও সেদিন বিকালে জানানো হয়- তাদের এ কর্মসূচি চলবে ‘বন্দর রক্ষা সংগ্রম পরিষদ’র নামে।
সোমবারও সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা কর্মবিরতি পালন করে বন্দরের শ্রমিক-কর্মচারীরা। এরপর মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি চলার মধ্যে কর্মসূচি অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার ঘোষণা এল।
আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা তৈরি হয়েছে। এর মধ্যে আন্দোলনকারী কর্মচারীদের বদলি করার ঘটনা ঘটেছে।
ইব্রাহীম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। আমাদের কর্মবিরতিতে বন্দরের শ্রমিক-কর্মচারীরা স্বতস্ফূর্তভাবে অংশ নিয়েছে। দেশের স্বার্থে আমাদের এই আন্দোলন।”