খালাত ভাই ও বোনের বিয়ের বিধান কি
আমার নাম ইসরাফিল, বাড়ি ভোলার লালমোহনে। আমার পরিবার আমার আপন চাচাত বোনের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। কিন্তু আমার এক মাওলানা বন্ধু বলল, ইসলাম আপন আত্মীয়-স্বজনের ভেতর বিয়েকে নিরুত্সাহিত করে। আর চিকিত্সা বিজ্ঞানের দৃষ্টিতেও নাকি তাতে ক্ষতির আশংকা আছে। আমি শরিয়তের দৃষ্টিতে আপন চাচাত বোনকে বিয়ে করার বিধান জানতে চাই।
প্রাজ্ঞ আলেমরা বলেন, ইসলামী শরিয়তের দৃষ্টিতে নিজ গোত্রে ও ফার্স্ট কাজিন তথা চাচাত, মামাত ও খালাত ভাই ও বোনকে বিয়ে করা কোনো দোষের বিষয় নয়। নবীজি (সা.)-এর যুগে বহু সাহাবির ভেতর এমন বিয়ে হয়েছে। স্বয়ং রাসুলুল্লাহ (সা.) তাঁর ফুফাত বোন জয়নব বিনতে জাহাশ (রা.)-কে বিয়ে করেছিলেন। তিনি তাঁর আপন চাচাত ভাই আলী ইবনে আবি তালিব (রা.)-এর সঙ্গে আপন কন্যা ফাতেমা (রা.)-কে বিয়ে দিয়েছিলেন।
রক্তের আত্মীয়-স্বজনের ভেতর বিয়ে করলে জেনেটিক রোগের কিছুটা ঝুঁকির কথা আধুনিক যুগের চিকিত্সকরা বলে থাকেন। তবে তারা বলেন, সাধারণ দম্পতির তুলনায় রক্তের আত্মীয় দম্পতির জেনেটিক রোগের ঝুঁকি মাত্র দুই থেকে তিন শতাংশ বেশি থাকে। সুতরাং বিষয়টি নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। যদি নিজ গোত্রের বাইরে বিয়ে করা হয় এবং স্বামী বা স্ত্রীর গোত্রে রোগের ইতিহাস থাকে, তবে সে ক্ষেত্রেও রোগের ঝুঁকি থেকে যায়। বাস্তব জীবনে এমন কাজিন দম্পত্তির সংখ্যাই বেশি যাদের সন্তান সুস্থ-স্বাভাবিক হয়েছে, অসুস্থ সন্তান জন্ম দেওয়া কাজিন দম্পত্তির সংখ্যা নিতান্তই কম।
‘তোমাদের নিকটাত্মীয় পুরুষ যেন নিকটাত্মীয় নারীকে বিয়ে না করে’ মর্মে একটি হাদিসের সন্ধান পাওয়া যায়। কিন্তু আল্লামা ইবনে হাজার আসকালানি (রহ.)-সহ বেশির ভাগ হাদিস গবেষক এটাকে দুর্বল ও ভিত্তিহীন বলেছেন। ফার্স্ট কাজিনদের বিয়ে যদি ক্ষতিকর হতো তবে শরিয়ত অবশ্যই তার অনুমতি দিত না। যেভাবে ইসলাম একদল নারী ও পুরুষের পারস্পরিক বিয়ের অনুমতি দেয়নি। (বিস্তারিত দেখুন : সুরা নিসার ২৩-২৪ নং আয়াতের ব্যাখ্যা; আত-তালখিসুর হাবির : ৩/৩০৯)