৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ
দিনাজপুরের তাপমাত্রার পারদ ক্রমাগত বাড়ছে। প্রখর রোদ ও তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস; যা চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা।
এর আগের দিন বুধবার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, “এটি জেলায় চলতি মৌসমের সর্বোচ্চ তাপমাত্রা।”
সকাল থেকে রোদের তেজ থাকলেও দুপুর ১টার পর তাপমাত্রা আরও বেড়ে যায়। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ।
অতিরিক্ত গরমে খোলা আকাশের নিচে দীর্ঘসময় কাজ করা কঠিন হয়ে পড়েছে। ধান কাটার মৌসুম হওয়ায় কৃষি শ্রমিকরা দিনের প্রথমভাগে কাজ শেষ করে দুপুরের আগেই মাঠ ছাড়ছেন।
শহরে অটোবাইক চালকরা দুপুরের পর আর গাড়ি চালাচ্ছেন না। প্রচণ্ড গরমে প্রয়োজন ছাড়া বাইরে তেমন কেউ বের হচ্ছেনা। ফলে দুপুরের পর সড়কগুলো ফাঁকা হয়ে যাচ্ছে।
আবহাওয়া কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, “মে মাসের মাঝামাঝি থেকে ২৬ তারিখ পর্যন্ত দিনাজপুরে বৃষ্টিপাত হলেও এরপর আর বৃষ্টির দেখা নেই।
“মে মাস পর্যন্ত তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করলেও জুনের শুরু থেকে তাপদাহ আর তাপমাত্রা ক্রমেই বাড়ছে।”
শুক্রবার এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এ আবহাওয়া কর্মকর্তা।
তিনি বলেন, “বৃষ্টি হলেই তাপদাহ ও তাপমাত্রা কমবে।”