বুধবার ১১ মার্চ ২০২৬, ফাল্গুন ২৭ ১৪৩২, ২২ রমজান ১৪৪৭

ব্রেকিং

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড প্রসিকিউটরের ঘুষ দাবি: তদন্তে নেমেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পলাতক কর্মকর্তা ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না : ইরান সেবা নিয়ে অভিযোগের মধ্যে ফের বাড়ল খুলনায় পানির দাম ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক মধ্যপ্রাচ্যের সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে এমপিদের ফেরানোর তোড়জোড় শুরু ফের বাড়লো সোনা-রুপার দাম ইসরায়েলে ইরানের ‘শক্তিশালী’ হামলা ইরান যুদ্ধ: রেকর্ড মজুদ তেল ছাড়ার প্রস্তাব আইইএ’র বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল

ইসলাম

ফিতরা আদায়ের সঠিক সময় কোনটি?

 প্রকাশিত: ১৫:৪৭, ১১ মার্চ ২০২৬

ফিতরা আদায়ের সঠিক সময় কোনটি?

রমজান ও ইদুল ফিতরের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ইবাদত সদকাতুল ফিতর বা ফিতরা। সম্পদশালী মুসলমানদের পাশাপাশি দরিদ্র মুসলামানরাও যেন ঈদের আনন্দে শামিল হতে পারে, সে জন্য আল্লাহ সুবাহানাহু ওয়াতাআলা ফিতরা আদায় আবশ্যক করেছেন।

ইদের দিন সকালে ঈদগাহে যাওয়ার আগে ফিতরা আদায় করা সর্বোত্তম। আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত রয়েছে, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ঈদের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার আগে ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন। (সহিহ বুখারি: ১৫০৯)

সাহাবায়ে কেরাম ইদের আগে ফিতরা আদায় করেছেন এ রকম দৃষ্টান্তও পাওয়া যায়। নাফে (রহ.) থেকে বর্ণিত রয়েছে, আবদুল্লাহ ইবনে ওমর (রা.) ইদের এক দুদিন আগেই ফিতরা আদায় করে দিতেন। (সুনানে আবু দাউদ: ১৬০৬)

ইসলামি আইনবিশারদগণের নির্ভরযোগ্য মত অনুযায়ী ইদের আগে রমজানের শুরু থেকে বা রমজানের আগেও ফিতরা আদায় করা জায়েজ। তাই রমজানের আগেও কেউ যদি ফিতরার নিয়তে কিছু দান করলে তা ফিতরা গণ্য হবে। তবে ফিতরা ইদের দিন বা রমজানের শেষ দিকে আদায় করাই উত্তম।

কাদের ওপর ফিতরা আদায় করা ওয়াজিব?

ইদুল ফিতরের দিন সকালে যে ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের (সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বায়ান্ন ভরি রুপা বা সমমূল্যের নগদ অর্থ ও ব্যবসাপণ্য) মালিক থাকে, তার ওপর ওয়াজিব হয় তার নিজের পক্ষ থেকে এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানদের পক্ষ থেকে ফিতরা আদায় করা। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেছেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্বাধীন-দাস ছোট-বড় নারী-পুরুষ সব মুসলমানের জন্য গম বা খেজুরের এক সা (৩ কেজি ২৭০ গ্রাম) ফিতরা আদায় করা আবশ্যক করে দিয়েছেন। ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন। (সহিহ বুখারি: ১৫০৩)

ইদুল ফিতরের দিন সূর্যোদয়ের সময় ফিতরা ওয়াজিব হয়। তাই ইদের দিন সূর্যোদয়ের আগে কোনো শিশুর জন্ম হলে তার পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব হবে, ইদের দিন সূর্যোদয়ের পর কোনো শিশুর জন্ম হলে তার পক্ষ থেকে ফিতরা দিতে হবে না।

স্ত্রী ও প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা নেসাব পরিমাণ সম্পদের মালিক না হলে তাদের ওপর ফিতরা ওয়াজিব হয় না, তাদের পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব নয়।