আমি ভোট দিয়েছি, আপনারাও ভোট দিন: আজহারী
সারাদেশে ভোট কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ মানুষের পাশাপাশি এতে অংশ নিচ্ছেন আলেম, বক্তা, জনপ্রিয় ইসলামী আলোচকেরা। এরই ধারাবাহিকতায় নিজের ভোট দিয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। ভোট দিয়ে তিনি একটি বার্তা দিয়েছেন ভোটারদের উদ্দেশ্যে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট দেওয়ার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন জনপ্রিয় এই ইসলামী আলোচক। এতে তিনি বলেন, ‘আমি ভোট দিয়েছি। আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটকেন্দ্রগুলো থেকে প্রাপ্ত খবরে জানা যায়, এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে গড়ে ৩২.৮৮ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিব জানান, সারাদেশে মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই গড় হিসাব পাওয়া গেছে। দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রগুলোর তথ্যানুযায়ী ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে। গ্রামীণ জনপদে ভোটারদের উপস্থিতি শহরাঞ্চলের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে।