প্রায় ৩৩ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮%
প্রথম সাড়ে চার ঘণ্টায় ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোটগ্রহণের হার জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসি সচিব আখতার আহমেদ জানান, “এবারের নির্বাচনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোট প্রদানের তথ্য আমরা পেয়েছি। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ তথ্য সংগ্রহ করা হয়েছে।”
বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়নি বলে জানান আখতার আহমেদ।
এ ভোট গ্রহণে ইসি সন্তুষ্ট কি না, জানতে চাইলে সংস্থার সচিব আখতার বলেন, “সন্তুষ্ট কি না এটার তো জবাব আপনারা দেবেন মাননীয় ভোটারদেরকে নিয়ে, তারা সন্তুষ্ট কি না? আমরা তো চাইবোই যে টার্নআউট বেশি হোক। আপনারাই বলেন যে এটাতে আমাদের সন্তুষ্ট হওয়া উচিত কি না বা আপনারা সন্তুষ্ট কি না।"
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
দেশের ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী।