বডি ক্যামেরা ও মানুষহীন আকাযান থেকে সরাসরি ভোট দেখছে ইসি
পুলিশের বডি-ওর্ন ক্যামেরা, সিসি ক্যামেরা, ড্রোন ও মানুষবিহীন আকাযান (ইউএভি) থেকে সরাসরি লাইভ ফিডে ভোটের মাঠ পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচন ভবনের স্থাপিত আইনশৃঙ্খলা সমন্বয় সেলে গিয়ে এমন দৃশ্য লক্ষ্য করা গেছে।
এ সময় ইসি সচিব আখতার আহমেদ সংবাদকর্মীদের বলেন, আপনারাও ভোটের পরিস্থিতি পর্যবেক্ষক করে আমাদের জানান।
সমন্বয় সেলে বিমান বাহিনী, পুলিশ, আর্মির কর্মকর্তারাসহ সরকারের অন্যান্য বিভাগ, সংস্থার করকর্তারাও রয়েছেন।
দেশের আটটি বিভাগকে চারটি সাব সেলে ভাগ করে ভোট পর্যবেক্ষণ করছেন তারা। জানা গেছে সকাল ৯টা পর্যন্ত ১১ লাখের মতো ভোট পড়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিমান বাহিনী প্রথমবারের মতো মানুষ বিহীন আকাশ যান থেকে সরাসরি লাইউ ফিড দিচ্ছে। তেমনি পুলিশে বডি-ওর্ন ক্যামেরা ও বিভিন্ন বাহিনীর ড্রোন থেকেও লাইভ ফিড নেওয়া হচ্ছে।
এ ছাড়া নির্বাচন সুরক্ষা অ্যাপের মাধ্যমেও তাৎক্ষণিক আপডেট নিচ্ছে ইসি।
সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, টানা সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছে।
ওই আসনের ১২৮টি কেন্দ্রে ভোট হবে না; পরে নতুন তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত ৬০টি দলের মধ্যে এবার অংশ নিয়েছে ৫০টি দল। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুই হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। প্রার্থীদের মধ্যে নারী ৮৩ জন, দলীয় ৬৩ ও স্বতন্ত্র ২০ জন।
বিএনপির নারী প্রার্থী ১০ জন। জামায়াতে ইসলামীসহ অন্য ইসলামপন্থী দলগুলোর কোনো নারী প্রার্থী নেই।
দেশে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০, পুরুষ ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ ও তৃতীয় লিঙ্গের এক হাজার ২৩২ জন। শেরপুর-৩ আসনের চার লাখ ১৩ হাজার ৩৩৭ জন ভোটার সঙ্গত কারণে এবার ভোট দিতে পারছেন না। ফলে আজ ভোট দিতে পারবেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন।