বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, আষাঢ় ১১ ১৪৩৩

আন্তর্জাতিক

৩০ জুন ধোয়া হবে পবিত্র কাবা

 প্রকাশিত: ০৮:২১, ২৫ জুন ২০২৬

৩০ জুন ধোয়া হবে পবিত্র কাবা

 

আন্তর্জাতিক ডেস্ক-

পবিত্র কাবা শরিফ ধৌতকরণের বার্ষিক ঐতিহ্যবাহী অনুষ্ঠান আগামী ৩০ জুন অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানকে সামনে রেখে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে এশার নামাজের পর কাবা শরিফের দরজার অংশে থাকা গিলাফ ওপরে তুলে দেওয়া হয়েছে। ধৌতকরণের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের যাতায়াত সহজ করতেই এ ব্যবস্থা নেওয়া হয়। সাধারণত ফজরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে ধৌতকরণ কার্যক্রম শুরু হয়।

কাবা শরিফ ধৌতকরণের এ আয়োজন সৌদি আরবের রাষ্ট্রীয় মর্যাদাসম্পন্ন একটি অনুষ্ঠান হিসেবে বিবেচিত। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিশিষ্ট আলেম, মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা অংশ নেন। সৌদি বাদশাহ অথবা তাঁর মনোনীত প্রতিনিধি অনুষ্ঠানটির নেতৃত্ব দিয়ে থাকেন।

ধৌতকরণে ব্যবহৃত হয় পবিত্র জমজমের পানি, তায়েফের গোলাপ থেকে প্রস্তুত বিশেষ গোলাপ জল এবং মূল্যবান সুগন্ধি উপাদান। এ বছর এ উদ্দেশ্যে দুটি রুপার পাত্রে ৪০ লিটার জমজমের পানি সংরক্ষণ করা হয়েছে। এর সঙ্গে মেশানো হবে ৫৪০ মিলিলিটার তায়েফি গোলাপ জল, ২৪ মিলিলিটার প্রিমিয়াম মানের গোলাপ তেল, ২৪ মিলিলিটার খাঁটি উদ তেল এবং ৩ মিলিলিটার কস্তুরী। এসব উপাদান দিয়ে কাবার অভ্যন্তরের দেয়াল ও মেঝে পরিষ্কার ও সুবাসিত করা হবে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, বছরে দুই দফা কাবা শরিফ ধৌত করা হয়। একবার রমজান মাসের আগে এবং আরেকবার হজ মৌসুম শেষ হওয়ার পর মহররম মাসের শুরুতে। যদিও কাবার অভ্যন্তরে প্রবেশের সুযোগ খুবই সীমিত, তবুও এ অনুষ্ঠানের ছবি ও ভিডিও বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে গভীর আবেগ ও আধ্যাত্মিক অনুভূতির জন্ম দেয়।মুসলিম উম্মাহর কাছে কাবা শরিফ ধৌতকরণের এই ঐতিহ্য শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; বরং এটি পবিত্রতা, সম্মান ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য প্রতীক।