সীমান্তে লাইট বন্ধ করে নারীসহ ৪ জনকে ‘পুশ ইন’, দিনাজপুরে আটক
দিনাজপুর সদর উপজেলা সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে পাঠানো একই পরিবারের চারজনকে অনুপ্রবেশের অভিযোগে আটক করেছে বিজিবি।
তাদেরকে ঠেলে পাঠানোর আগে বিএসএফ সীমান্তের লাইট বন্ধ করে দেয় বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধির।
বুধবার সকাল ৬টায় উপজেলার শংকরপুর ইউনিয়নের বনতারা সালকি ডুয়াপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে জানান দিনাজপুর-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুজ্জামান।
আটকরা হলেন- আকুব্বর মোল্লা (৫১) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪৪), তাদের ছেলে বোরহান মোল্লা এবং জাহানারার ভাই রমজান মোল্লা। তারা নড়াইলের কালিয়া পৌরসভার মির্জাপুর এলাকার বাসিন্দা।
তাদের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় জানা গেছে বলে জানান শংকরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পঙ্কজ বসাক।
তিনি বলেন, ভোরে সালকি ডুয়াপাড়া দিয়ে গ্রামে আসার সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন। খবর পেয়ে তিনি আনসার ভিডিপি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নেন এবং বিজিবিকে খবর দেন।
আটকদের কাছ থেকে পাওয়া তথ্যেরে বরাতে ইউপি সদস্য পঙ্কজ বলেন, “মঙ্গলবার রাতে বিএসএফ সীমান্তের লাইট বন্ধ করে তাদের বাংলাদেশে ঠেলে দেয়। তবে কোন সীমান্ত দিয়ে তারা প্রবেশ করেছেন, সেটা তারা বলতে পারেননি।”
এদিন বেলা ৩টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বিজিবি সদস্যরা তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে যান বলে জানান তিনি।
বিজিবি অধিনায়ক আরিফুজ্জামান বলেন, আটকদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত জানার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।