হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতে টোল আরোপের প্রস্তুতি নিচ্ছে ইরান
হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায়ের লক্ষ্যে আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সংসদ এ সংক্রান্ত একটি খসড়া আইন তৈরির কাজ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ফার্স ও তাসনিম।
প্রতিবেদন অনুযায়ী, পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান বলেছেন, এ বিষয়ে একটি খসড়া আইন ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং খুব শিগগিরই আইনসভা দলের মাধ্যমে তা চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, ‘এই পরিকল্পনা অনুযায়ী, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানকে ফি আদায় করতে হবে।
’ইরানের পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান আরও বলেন, ‘এটা একেবারেই স্বাভাবিক বিষয়। যেমন অন্য করিডোর দিয়ে পণ্য পরিবহনের সময় শুল্ক দিতে হয়, তেমনি হরমুজ প্রণালীও একটি করিডোর। আমরা এর নিরাপত্তা নিশ্চিত করি, তাই জাহাজ ও তেলবাহী ট্যাংকারগুলোর শুল্ক দেওয়া স্বাভাবিক।’
এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধ শেষ করতে ইরান যে পাঁচটি শর্ত দিয়েছে, তার একটি হলো—হরমুজ প্রণালীর ওপর নিজেদের কর্তৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করা।
সূত্র: আল জাজিরা