চীনের কারখানায় বিস্ফোরণে নিহত ৭
চীনের উত্তরাঞ্চলের একটি বায়োটেক বা জীবপ্রযুক্তি কারখানায় গতকাল শনিবার বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছে এবং এক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ ভোরে সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির শানসি প্রদেশের জিয়াপেং বায়োটেক কোম্পানিতে বিস্ফোরণের পর একজন নিখোঁজ রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বেইজিং থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে শানইন কাউন্টিতে এই কোম্পানিটি অবস্থিত ।
সিনহুয়া জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
গত শনিবার ভোরে বিস্ফোরণটি ঘটে এবং এর কারণ তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।
দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, অপর্যাপ্ত প্রশিক্ষণ এবং কঠোর তদারকির অভাবে চীনে শিল্প দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা।
গত জানুয়ারি মাসের শেষের দিকে, পার্শ্ববর্তী প্রদেশ ইনার মঙ্গোলিয়ার একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হন।