রাজধানীতে আজ ৬ জনসভায় অংশ নেবেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকার উত্তর ও দক্ষিণে দুই দিনে মোট ১৪টি বিশাল জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) ও সোমবার (৯ ফেব্রুয়ারি) এসব জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তরের ছয়টি নির্বাচনী আসনে আয়োজিত জনসভায় অংশ নেবেন।
দলীয় সূত্র জানায়, দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে তিনি পর্যায়ক্রমে ঢাকা-১৭, ঢাকা-১৬, ঢাকা-১৫, ঢাকা-১৪, ঢাকা-১৩ ও ঢাকা-১১ আসনের জনসভায় বক্তব্য রাখবেন।
সূচি অনুযায়ী, দুপুর ২টায় ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনে আমিনুল হকের নির্বাচনী এলাকায় পল্লবী-২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে, মেট্রো স্টেশনের পাশে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।
দুপুর ৩টা ৩০ মিনিটে ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনী এলাকায় মিরপুর-১০ নম্বর গোলচত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। এরপর বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনী এলাকায় মিরপুর মডেল থানার বিপরীতে অবস্থিত ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেবেন তিনি।
বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের নির্বাচনী এলাকায় শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সর্বশেষ সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনে এম. এ. কাইয়ুমের নির্বাচনী এলাকায় বাড্ডার সাতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।
অপরদিকে, ঢাকা মহানগর দক্ষিণের কর্মসূচিতে সোমবার তারেক রহমান ঢাকা মহানগর দক্ষিণের ৭টি আসনসহ মোট ৮টি জনসভায় বক্তব্য দেবেন, ঢাকা-১৭ (বনানী কামাল আতাতুর্ক মাঠ): সকাল ১১টায়। ঢাকা-১০ (কলাবাগান ক্রীড়া চক্র মাঠ): দুপুর ১২টায়। ঢাকা-৮ (পীরজঙ্গী মাজার রোড): দুপুর ১টায়।
ঢাকা-৯ (মান্ডা তরুণ সংঘ মাঠ): দুপুর ২টায়। ঢাকা-৫ (যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড): দুপুর ৩টায়। ঢাকা-৪ (জুরাইন–দয়াগঞ্জ রোড): বিকাল ৪টায়। ঢাকা-৬ (ধূপখোলা মাঠ): বিকেল ৫টায়। ঢাকা-৭ (লালবাগ বালুর মাঠ): সন্ধ্যা ৬টায়।
বিএনপি সূত্রে জানা গেছে, এসব জনসভায় তারেক রহমান দলের নির্বাচনী ইশতেহার, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ‘আগামী দিনের বাংলাদেশ’ গড়ার রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।