মঈদুল হাসান, মোহন রায়হানসহ ৯ জন পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ৯ জনের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার ২০২৫ সালের পুরস্কারের জন্য একাডেমির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করে।
তালিকায় আটটি শাখায় নয়জনের নাম এসেছে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন-কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞান ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ অনুমোদন করে।"
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় কবি মোহন রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এখনো জানি না পুরস্কার তালিকায় আমার নাম আছে কী না। তোমার কাছ থেকেই প্রথম জানতে পারলাম।”
তিনি বলেন, "চল্লিশ বছরের অধিক সময় ধরে আমার কবিতা মানুষ নানা জায়গায় পড়ে৷ এটাই আমার পুরস্কার। মানুষের ভালোবাসাটাই আমার কাছে পুরস্কার। আর এই পুরস্কার অনেক আগে থেকেই আমি পেয়ে আসছি।"
রীতি অনুযায়ী, প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ পুরস্কার দেন। কিন্তু এবারে ত্রয়োদশ সংসদ নির্বাচনের কারণে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরু হয়নি।
আগামী ২৬শে ফেব্রুয়ারি একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেবেন।