তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিশাল এলাকা মারাত্মক এক তুষারঝড়ের কবলে পড়ায় অনেক রাজ্য যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে, বন্ধ করে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।
রোববার থেকে শুরু হওয়া এ তুষারঝড় সোমবার স্থানীয় সময় বিকাল পর্যন্ত থাকতে পারে বলে পূর্বাভাসে ধারণা দেওয়া হয়েছে। এটি এক দশকের মধ্যে ওই এলাকার সবচেয়ে বাজে তুষারঝড় হতে যাচ্ছে বলেও অনেকে আশঙ্কা করছেন।
এ দুর্যোগের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমান বন্দরে এরই মধ্যে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে বলে ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটএওয়্যারের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
ম্যাসাচুসেটস, কানেটিকাট, ডেলওয়ার, নিউ জার্সি ও রোড আইল্যান্ডসহ একাধিক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বিমানবন্দরে রওনা হওয়ার আগে ফ্লাইটের অবস্থা জেনে নিতে যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।
ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, পেনসিলভানিয়া, ডেলওয়ার, কানেটিকাট ও নিউ জার্সিতে সোমবার অসংখ্য স্কুল বন্ধ রাখা হয়েছে; তবে সেসব অঙ্গরাজ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়নি।
ওয়াশিংটন ডিসিতে মেয়র মুরিয়েল বাউজার বলেছেন, সরকারি স্কুলগুলো ‘দুই ঘণ্টা দেরিতে খুলবে’।
এরই মধ্যে পেনসিলভানিয়ার পূর্বাঞ্চলের কোথাও কোথাও ৪৫ সেন্টিমিটার তুষার রেকর্ড হয়েছে। সোমবার রাতে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ৬০ সেন্টিমিটার তুষারেরও দেখা মিলতে পারে সতর্ক করা হয়েছে।
নিউ ইয়র্ক সিটি, বোস্টন, ফিলাডেলফিয়া ও লং আইল্যান্ডসহ বিভিন্ন এলাকার প্রায় ৪ কোটি বাসিন্দা তুষারঝড়ের সতর্কতার মধ্যে রয়েছেন, আরও প্রায় দুই কোটি মানুষ যেসব এলাকায় আছেন সেগুলো পড়েছে শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায়।
নিউ ইয়র্ক সিটি, নিউ জার্সি ও কানেটিকাটের কোথাও কোথাও ২৪ ইঞ্চি পর্যন্ত তুষারের দেখা মিলতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ।
নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি রোববার স্থানীয় সময় রাত ৯টা থেকে সোমবার দুপুর পর্যন্ত ৫টি প্রশাসনিক এলাকার সড়ক ও সেতুতে জরুরি যানবাহন ছাড়া অন্য সব যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। সোমবার শহরটির সব স্কুলও বন্ধ ঘোষণা করা হয়েছে।