অস্ট্রিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা দেখছেন আর্জেন্টিনা কোচ
শিরোপার লড়াইয়ে যারা ফেভারিট, তাদের সামনে অস্ট্রিয়া আর এমন কী প্রতিপক্ষ! পরিষ্কার ব্যবধানে এগিয়ে থেকেই ম্যাচটিতে নামবে আর্জেন্টিনা। তবে মাঠে নামার আগে প্রতিপক্ষকে দারুণ সমীহ করছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচের চোখে দুর্দান্ত এক দল অস্ট্রিয়া।
বাংলাদেশ সময় সোমবার রাত ১১ টায় ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
প্রতিযোগিতামূলক ফুটবলে দুই দল মুখোমুখি হবে এই প্রথমবার। প্রীতি ম্যাচ খেলেছে তারা তিনবার। সবশেষটি সেই ১৯৯০ সালে!
আগের তিন লড়াইয়ে দুই দলের জয় একটি করে, আরেকটি হয়েছিল ড্র। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে হারিয়েছে আলজেরিয়াকে, অস্ট্রিয়া ৩-১ গোলে জিতেছে জর্ডানের বিপক্ষে। এসব পরিসংখ্যান বা তথ্য থেকে দুই দলকে পাশাপাশি রাখা যায়। তবে বাস্তবতা হলো, আর্জেন্টিনার জন্য এই ম্যাচে জয় ছাড়া অন্য যে কোনো ফলাফলই হবে হতাশার।
তবে ম্যাচের আগে কোচ স্কালোনির উপলব্ধি, লড়াইটি সহজ হবে না মোটেও।
“অস্ট্রিয়ার খুব ভালো কিছু ফুটবলার আছে। তারা একটি দুর্দান্ত দল, হাই প্রেশারে খেলে এবং আক্রমণাত্মক দল। আমরা দেখেছি যে, তারা এমন একটি প্রতিপক্ষ যাদেরকে হিসাবে রাখতে হবে। ম্যাচটি জটিল হবে অনেক।”
“আমরা দুদলই আমাদের উদ্বোধনী ম্যাচ জিতেছি, এটি হয়তো খেলাটাকে আরও আকর্ষণীয় করে তুলবে। ম্যাচটি কঠিন হবে। বিশ্বকাপে এবার ম্যাচের সংখ্যা বেশি হলেও কোনো খেলাই সহজ নয়। গ্রুপ পর্ব বরাবরই কঠিন হয়ে থাকে।”
শক্তি-সামর্থ্য ও ঐতিহ্যে পিছিয়ে থাকা অনেক দলই এবারের বিশ্বকাপে চমক উপহার দিয়েছে। এমনকি কেপ ভার্দ ও কুরাসাওয়ের মতো নবীন দলও লড়িয়ে ফুটবল খেলে তাক লাগিয়ে দিয়েছে। অপ্রত্যাশিত ফলাফল এসেছে আরও কিছু ম্যাচে।
তবে শেষ পর্যন্ত প্রথাগত বড় দলগুলিই শিরোপার লড়াইয়ে থাকবে বলে বিশ্বাস বিশ্বকাপজয়ী কোচের।
“শক্তিশালী দলগুলোই থাকবে। যদিও, অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং নিঃসন্দেহে এটি একটি কঠিন বিশ্বকাপ হতে চলেছে। তবে বড় শক্তিগুলোই টিকে থাকবে।”
শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম ম্যাচে আর্জেন্টিনা বড় জয় পেলেও ঘাটতির জায়গাগুলি চিহ্নিত করে দলের সামনে তুলে ধরেছেন স্কালোনি। নিজেদেরকে পরিপূর্ণ দল মনে করেন না তিনি। আর্জেন্টিনা কোচের আশা, তার দলের দুর্বলতাগুলো কাজে লাগাতে পারবে না অস্ট্রিয়া।
“এমনকি একটি দুর্দান্ত ম্যাচ খেলার পরেও উল্লেখ করতে হয় কোথায় কোনটি ঠিকভাবে হয়নি এবং আমি বিশ্বাস করি, প্রত্যেক কোচই যৌক্তিকভাবে এটা করে থাকেন। প্রত্যেক দলের মতো আমাদেরও দুর্বলতা আছে এবং আশা করি, প্রতিপক্ষ সেগুলো খুঁজে পাবে না।”