বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, আষাঢ় ৪ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

জাতীয়

মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার

 প্রকাশিত: ২০:০০, ১৮ জুন ২০২৬

মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেছেন, একজন রাজনৈতিক নেতার জীবনের ‘অন্ধকার অংশ’ সংসদে আলোচিত হোক, তা তিনি চান না।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মামুনুল হক ঢাকা-১৩ আসনে প্রার্থী হয়ে বিএনপির ববি হাজ্জাজের কাছে পরাজিত হয়েছেন। তবে তার দল দুটি আসনে জয় পেয়েছে।

বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ২০২১ সালে মামুনুল হককে ঘিরে আলোচিত একটি ঘটনার প্রসঙ্গ তোলেন।

তিনি বলেন, “মাওলানা মামুনুল হক অনেক বড় বড় কথা বলছেন। বাজেট নিয়ে সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন। কিন্তু তিনি যে গাজীপুরে একটি নারীসহ ধরা পড়লেন, মুতা বিয়ের নামে, সেটা আসলে কী ছিল?

এরপর স্পিকার তাকে অপ্রাসঙ্গিক বিষয় বক্তব্যে না আনার পরামর্শ দেন।

স্পিকার বলেন, “একজন রাজনৈতিক নেতার পরকীয়া সম্পর্কে আপনি মন্তব্য করেছেন। সাধারণত যার এখানে এসে জবাব দেওয়ার সুযোগ নেই, তার সম্পর্কে অভিযোগ তোলা সংসদে সমীচীন নয়।”

মুতা বিয়ে প্রসঙ্গে স্পিকার বলেন, “মুতা বিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে কি এসবের বিষয়ে বিশেষজ্ঞ মনে হয়? এগুলো নিয়ে সংসদে আলাপ-আলোচনা না হওয়াই ভালো।”

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, মামুনুল হক সম্পর্কে দেওয়া তথ্য ‘একেবারেই ভুল’।

তিনি বলেন, “উনি মুতা বিয়ে করেন নাই। গাজীপুরে এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তাকে হেনস্তা করা হয়েছিল নারায়ণগঞ্জে। উনি বিয়ে করেছিলেন, এটা প্রতিষ্ঠিত।”

বক্তব্যটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান জামায়াতে ইসলামীর এই সদস্য।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, “যা অসংসদীয় এবং সমীচীন নয়, তা কার্যবিবরণী থেকে ‘এক্সপাঞ্জ’ করা হোক।”

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, “একসময় মুতা বিয়ে করা যেত। এটা এখন হারাম হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে। এখন করা যাবে না।”

সব পক্ষের বক্তব্য শোনার পর স্পিকার বলেন, “মাওলানা মামুনুল হকের এ বিষয়টি সংসদের কার্যবিবরণীতে আসার প্রয়োজন নেই।”

তিনি বলেন, “এখনও কিন্তু তিনি তার অবস্থান পরিষ্কার করেননি। একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ, এখানে আলোচিত হোক, সেটা চাই না।”

এরপর সংশ্লিষ্ট বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন স্পিকার।