বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, আষাঢ় ৪ ১৪৩৩

জাতীয়

মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

 প্রকাশিত: ১৩:২৬, ১৮ জুন ২০২৬

মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় এক ভাঙারি ব্যবসায়ীকে বাড়ির উঠানে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে তার মোটরসাইকেল।

বুধবার রাত ২টার দিকে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন।

নিহত সোহেল মুন্সী (৩৯) ওই গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সোহেলের স্ত্রী নুপুর বেগম কিছুদিন আগে সন্তান প্রসব করায় তিনি সোহেলের মা সেফালি বেগমের সঙ্গে ঘুমাতেন। আর সোহেল তার বসতবাড়ির পূর্ব পাশের ঘরে একা ঘুমাতেন।

বুধবার গভীর রাতে বাড়ির উঠানে আকস্মিক শব্দ শুনতে পেয়ে সোহেলের মা ও স্ত্রীর ঘুম ভেঙে যায়। তারা ঘর থেকে বের হয়ে দেখতে পান, উঠানে সোহেলের মোটরসাইকেলটি দাউদাউ করে জ্বলছে; পাশে পড়ে আছে তার রক্তাক্ত নিথর দেহ।

তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তবে সোহেলের হত্যাকারীরা এর আগেই পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, সুরতহালে নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর কাটা জখম ও আঘাতের চিহ্ন দেখা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রমের প্রস্ততি চলছে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের উচ্চ পর্যায়ের টিম কাজ করছে। অপরাধীদের গ্রেপ্তারে কয়েকটি টিম মাঠে নেমেছে।