চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, পৌনে ২ লাখ ইয়াবা জব্দ
চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ ‘এস ড্রাইভ’ অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে পৌনে দুই লাখ ইয়াবা জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, অভিযানে মাদক সংক্রান্ত অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ছিনতাইয়ের অভিযোগে ১৯ জন, চাঁদাবাজির অভিযোগে একজন এবং জুয়া খেলার অভিযোগে একজন গ্রেফতার করা হয়েছে। এছাড়া কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজন গ্রেফতার হয়েছে।
অভিযানে মোট ১ লাখ ৮৩ হাজার ৬৮৪টি ইয়াবা জব্দ করা হয়। এর মধ্যে পতেঙ্গা থানা এলাকায় এক লাখ ৮০ হাজার ২৫টি, কর্ণফুলীতে ৩ হাজার, বাকলিয়ায় ৬০০, আকবরশাহে ৫০ ও বন্দর থানা এলাকায় নয়টি ইয়াবা জব্দ করা হয়।
সিএমপি সূত্রে জানা গেছে, নগরে মাদক ও ছিনতাইসহ অন্যান্য অপরাধ দমনে নিয়মিতভাবেই এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।